২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সের জন্য ক্রোমবেইজ

টেক জায়ান্ট গুগল এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার যৌথভাবে ভিডিও কনফারেন্সের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার বানিয়েছে বলে জানা গেছে। গুগল ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর এই ডিভাইসটি এ উদ্দেশ্যে গুগলের বানানো দ্বিতীয় ডিভাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

৭৯৯ ডলার মূল্যের এই 'অল-ইন-ওয়ান স্ট্যান্ড্যালোন সিকিউর ভিডিও কনফারেন্সিং ডিভাইস' প্রধানত ডেস্কটপ বা অফিস ফোন বুথের মতো ছোট জায়গার জন্য ডিজাইন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এলজি ও এসারের বানানো গুগলের আরও কয়েকটি ডিভাইস বাজারে থাকলেও ক্রোমবেইজ নামে এই ডিভাইসটি বিশেষত ভিডিও কনফারেন্সের উদ্দেশ্যে তৈরি।

এই ডিভাইসে রয়েছে ২৪ ইঞ্চি আকারের ১০৮০পি টাচস্ক্রিন, এইচডি কনফারেন্সিং ক্যামেরা, চারটি মাইক্রোফোন এবং দুইটি স্টেরিও স্পিকার। একে এযাবতকালে ক্রোম ওএস চালিত ডিভাইসে সবচেয়ে বড় স্ক্রিন বলে দাবি করছে এসার।

নতুন ক্রোমবেইস ডিভাইসটি সর্বোচ্চ দুইজন ব্যক্তির মধ্যে ভিডিও কনফারেন্সের জন্য ব্যক্তিগত টার্মিনাল হিসেবে ডিজাইন করা হয়েছে। ডিভাইসটি গুগল হ্যাংআউট মিটিংয়ে ব্যবহার করা যাবে বলে জানায় ভার্জ।

ক্রোমবেইস আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই অন্যান্য দেশের বাজারে ছাড়ার ব্যাপারে গুগল আশাবাদী বলে প্রতিষ্ঠানটির বরাতে জানিয়েছে দ্যা ভার্জ।

এর আগে ২০১৪ সালে গুগল এসারের সাথে যৌথভাবে একই উদ্দেশ্যে ক্রোমবক্স বাজারে ছাড়ে। এতে কোন স্ক্রিন না থাকলেও বড় জায়গায় ভিডিও কনফারেন্সিং সমস্যা সমাধানের জন্য তা এখনও পর্যন্ত বাজারজাত করা হচ্ছে।