ব্ল্যাকবেরি: ঘুরে দাঁড়াতে আরও দেরী
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি সেপ্টেম্বরের মধ্যেই এর ধুঁকতে থাকা স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স। তবে শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন এর মধ্যেই প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার বিভাগ লাভজনক হয়ে উঠবে এমন আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
স্মার্টফোন প্রযুক্তির অগ্রদূত এ প্রতিষ্ঠানটির স্মার্টফোন মার্কেট-শেয়ার পড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি এর সফটওয়্যার ও সেবাপ্রদান বিভাগে মনোনিবেশ করার চেষ্টা করছে। শুক্রবার প্রতিষ্ঠানটি তার নতুন অ্যান্ড্রয়েডভিত্তিক প্রিভ ডিভাইস বিক্রি প্রত্যাশিত মাত্রায় না পৌঁছানোয় আয়ের শেষ চতুর্থাংশে অপ্রত্যাশিত ধ্বসের খবর জানালে সেই ধাক্কা লেগেছে পুঁজিবাজারে। আর ওই ধ্বসের কারণ হিসেবে নির্দিষ্ট কিছু ক্যারিয়ারে দেরিতে ফোনটিকে দেরীতে যুক্ত করাকে দায়ী করা হয় বলে জানায় রয়টার্স।
এরই মধ্যে নিউ ইয়র্ক ও টরন্টোতে কানাডাভিত্তিক এ প্রতিষ্ঠানটি ৭.৫ শতাংশ অংশীদারিত্ব হারিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ব্যবসা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়েছে।
এ প্রসংগে চেন বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে সেপ্টেম্বরের পর পর্যন্ত হার্ডওয়্যার ব্যবসায় টিকে থাকা, তবে আমি একজন বাস্তববাদীও বটে, তাই আমি ব্যবসা চালু রেখে ক্ষতির মুখ দেখতে যাচ্ছি না।”
ওয়াটারলু, অন্টারিওভিত্তিক প্রতিষ্ঠানটি এর মধ্যে প্রায় ৬ লক্ষ ডিভাইসের বিক্রির খবর নিশ্চিত করেছে। প্রতিবছর ৩০০ ডলার হারে ৩০ লাখ ডিভাইস বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি উঠে দাঁড়াতে পারবে বলে জানান চেন। এর আগে এ আনুমানিক লক্ষ্যমাত্রা ৫০ লক্ষ ছিলো বলে রয়টার্স জানায়।
চেন জানান, ব্ল্যাকবেরি সেপ্টেম্বরের আগেই নতুন একটি মাঝারি মূল্যের অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি নতুন ডিভাইসটিকে উদ্যোক্তাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ইচ্ছুক বলে তিনি জানান।
ব্ল্যাকবেরি তার হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন- ভার্চুয়াল কিবোর্ড, সিকিউরিটি সফটওয়্যার ইত্যাদি লাইসেন্সভুক্ত করার মাধ্যমে হার্ডওয়্যার বিভাগকে লাভজনক করতে কাজ করছে বলেও জানান তিনি।
সফটওয়্যার ও লাইসেন্স থেকে গত এক বছরে ব্ল্যাকবেরি’র আয় ৫২৭ মিলিয়ন ডলার, যা প্রতিষ্ঠানটির প্রত্যাশিত লক্ষমাত্রা ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জানায় রয়টার্স। এ অর্থবছরে এ ব্যবসায় প্রতিষ্ঠানটি শতকরা ৩০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানা গেছে।
তবে এ ব্যাপারে এখনও অনেক বিশ্লেষক এবং বিনিয়োগকারী সন্দিহান।
ব্ল্যাকবেরির সামগ্রিক আয়ের পরিমাণ এক বছর আগের ৬৬০ মিলিয়ন ডলার থেকে এরই মধ্যে ৪৬৪ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও ১০০ মিলিয়ন ডলার কম বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক বছর আগের ২৮ মিলিয়ন ডলার লাভ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৮ মিলিয়ন ডলার খুইয়েছে ব্ল্যাকবেরি।
