স্বচালিত গাড়িতে মাইক্রোসফট, অ্যামাজন?
স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে ইতোমধ্যেই অনেক বড় বড় প্রতিষ্ঠান কাজ শুরু করলেও, এখনও এ দুনিয়ায় আসেনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আর ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। তবে, খুব শিগগিরই এই দুই প্রতিষ্ঠান এই খাতে আসতে পারে।
এই দুই প্রতিষ্ঠান অনলাইন ম্যাপিং সেবাদাতা প্রতিষ্ঠান হেয়ার-কে ক্লাউড কম্পিউটিং সেবা সরবরাহ করতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। আগে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার আওতায় থাকলেও, সম্প্রতি হেয়ারকে জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি জোট কিনে নেয়। বিএমডব্লিউ, আউডি, মার্সেডিজ-এর মালিক প্রতিষ্ঠান ডাইমলার- এরা সবাই স্ব-চালিত গাড়ি বানাতে আগ্রহী।
এখানেই শেষ নয়, অ্যামাজন হেয়ারের একটি শেয়ারধারীও হতে চায়। এমনটা হলে, মার্কিন এই ই-কমার্স জায়ান্ট যে হেয়ারের প্রাথমিক ক্লাউড কম্পিউটিং সরবরাহকারী হচ্ছে তা নিশ্চিত হয়ে যাবে।
২০১৫ সালের ডিসেম্বরে হেয়ারকে কিনতে তিনটি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ২শ’ ৮০ কোটি ইউরো খরচ করে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও, হেয়ারের শেয়ারধারীরা প্রায় সব খাতের বিনিয়োগকারীকে যোগ করতে ‘আগ্রহী’ বলে জানান।
শুধু মাইক্রোসফট আর অ্যামাজন-ই নয়, হেয়ারের দিকে চোখ আছে আরও কিছু প্রতিষ্ঠানের। গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান নিসানের মালিক ফরাসী অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট আর অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কন্টিনেন্টালও হেয়ারের দিকে আগ্রহ প্রকাশ করেছে। এদিক থেকে কন্টিনেন্টাল কিছুটা এগিয়ে, তারা খুব শিগগিরই হেয়ারের একটি শেয়ারধারী হতে চায়।
