২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাদ নিয়ন্ত্রণ করবে কাঁটাচামচ!

জাপানের বিজ্ঞানীরা দাবী করেছেন, তারা একধরনের কাঁটাচামচ তৈরি করেছেন যেটি বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে উদ্দীপনার মাধ্যমে জিহ্বায় লবণের স্বাদ পরিবর্তন করে দিতে পারে। কাঁটাচামচটি ব্যবহার করে ইচ্ছামতো লবণাক্ত স্বাদ উপভোগ করা সম্ভব হবে, এবং এতে অতিরিক্ত সোডিয়ামের কারণে হওয়া স্বাস্থ্যের ক্ষতির আশংকা নেই বলে জানিয়েছে স্কাইনিউজ। কাঁটাচামচটি কিনতে খরচ পড়বে মাত্র ১২ ইউরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:41 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

কাঁটাচামচের পাশে একটি বোতামের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে টক স্বাদও তৈরি করা সম্ভব। ডিভাইসটি তৈরি করা হয় ইউনিভার্সিটি অফ টোকিওর রেকিমোতো ল্যাব এ।

অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন ধরণের হৃদরোগ হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যার কারণে যারা খাবার থেকে লবণ কমাতে বা বাদ দিতে বাধ্য হন, তাদের জন্য দারুণ কার্যকরী হয়ে উঠতে পারে এই প্রযুক্তি।

কাঁটাচামচটির লবণাক্ততা ভোজনকারীর বয়স এবং খাদ্যাভ্যাসের ভিত্তিতে নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন গবেষক জানান, তিনি লবণ ছাড়া খাবার এই কাঁটাচামচ ব্যবহার করে খেয়ে লবণাক্ত স্বাদ পেয়েছেন, কিন্তু বিদ্যুৎ প্রবাহ অনেক বেশি বাড়িয়ে দিলে এটা থেকে ধাতব স্বাদ পাওয়া যায়।

প্রধান গবেষক নিমেশা রানাসিংহে নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনকে বলেছেন, “আমরা জিহ্বায় নিরাপদ বৈদ্যুতিক এবং তাপীয় উদ্দীপনা দিতে পেরেছি যেটা সফলভাবে মৌলিক স্বাদের অনুভূতি সৃষ্টি করে।” তিনি আরো বলেন, “ডায়বেটিস-আক্রান্ত রোগীরা এই স্বাদ-নিয়ন্ত্রক কাঁটাচামচ ব্যবহার করে রক্তের সুগার লেভেলের কোন ক্ষতি না করেই মিষ্টি স্বাদ পেতে পারবেন। আর ক্যান্সার-আক্রান্ত রোগীরা কেমোথেরাপির ফলে নষ্ট হয়ে যাওয়া স্বাদানুভূতি বৃদ্ধি করতে বা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন এই বৈদ্যুতিক কাঁটাচামচ।”

কাঁটাচামচটি একবার চার্জ দিলে ছয় ঘণ্টা পর্যন্ত চলতে পারে। তবে এখনো পর্যন্ত কাঁটাচামচটি পানিরোধী নয়।