২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে মার্কিন আইএসপির তথ্য সংগ্রহ নয়

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যবহারকারীদের সম্মতি না নিয়েই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাবনা উপস্থাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 01:21 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

রয়টার্স জানিয়েছে, এফসিসি চেয়ারম্যান টম হুইলার-এর উত্থাপিত এ প্রস্তাবনাটি প্রাথমিকভাবে ৩-২ ভোটে জয়ী হয়ে প্রাথমিক অনুমোদন পেয়েছে। তবে এতে ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো ধরনের তথ্য সংগ্রহ বা ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা হচ্ছে না। তবে এফসিসির এই ব্রডব্যান্ড সরবরাহকারীদের জন্য গোপনীয়তা সংক্রান্ত নীতি টুইটার, গুগল বা ফেইসবুকের মতো ওয়েবসাইটগুলোর জন্য প্রযোজ্য হবে না, যা ইন্টারনেট সেবাপ্রদানকারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বা আইএসপি ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অনেক ক্ষেত্রেই তা টার্গেটেড অ্যাডভারটাইজিং-এ ব্যবহার করে থাকে। এ প্রসঙ্গে হুইলার বলেন, “ব্যবহারকারীরা তাদের নিজেদের তথ্য কীভাবে ব্যবহার করবে তা নির্ধারণের অধিকার তাদের হাতেই থাকা উচিৎ।”

নতুন নিয়ম অনুযায়ী আইএসপি কোন তথ্য সংগ্রহ করছে, তা কী কাজে ব্যবহৃত হবে এবং কখন তা প্রকাশ করা হবে তা সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে হবে। এছাড়াও তারা একটি তথ্য নিরাপত্তা স্ট্যান্ডার্ড অনুযায়ী তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য থাকবে এবং তথ্যে অনধিকার প্রবেশের ঘটনায় দশ দিনের মধ্যেই ব্যবহারকারীদের অবহিত করতে হবে। এ নীতি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির পর জনমত যাচাই হবে, যাতে এফসিসি “ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পৌঁছাতে বাড়তি বা ভিন্ন পথ” খুঁজবে বলে জানায় রয়টার্স।

রিপাবলিকান কমিশনার অজিত পাই বৃহস্পতিবার এফসিসির এ নীতির সমালোচনা করেছেন। তথ্য সংগ্রহে ওয়েবসাইটগুলোর কার্যক্রম বিষয়ে কিছু না বলে কেবল আইএসপির ওপর নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও অন্যায্য বলে উল্লেখ করেছেন তিনি। এই পরিকল্পনা “এক ধরনের ব্যবসার তুলনায় অন্য ধরনের ব্যবসাকে সুবিধা দেয়” বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে অ্যাডভোকেসি গ্রুপ ফ্রি প্রেস এফসিসি-এর এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছে। এ ছাড়াও নীতিনির্ধারণে “পে-ফর-প্রাইভেসি, ডিপ-প্যাকেট-ইন্সপেকশন, আপসেলিং সেবা প্রতিযোগিতা এবং তথ্যের নিরাপত্তার মতো বিষয়গুলো” বিবেচনায় রাখতে এফসিসি-কে প্রতিষ্ঠানটি পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ন্যাশনাল কেবল অ্যান্ড টেলিকমিউনিকেশনস অ্যাসোসিয়েশন “সব প্রতিষ্ঠানকে ব্যবহারকারীর একই ধরনের তথ্যে প্রবেশাধিকার দিয়ে নিরপেক্ষ প্রযুক্তিগত পদক্ষেপ” নিতে এফসিসি-কে চাপ দিয়েছে।

গত বছর ইন্টারনেট নিরপেক্ষতা নিয়ন্ত্রণের অংশ হিসেবে ওয়েবসাইটগুলোকে নতুনভাবে শ্রেণীভুক্ত করার পর থেকেই এফসিসি-এর হাতে গোপনীয়তা সংক্রান্ত নীতিনির্ধারণের ক্ষমতা রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা হলে আদালত তা আমলে নেয়নি।