আইনী ঝামেলায় উবার প্রধান কালানিক
মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীসেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক তার বিরুদ্ধে যাত্রীদের আনীত বর্ধিত ভাড়া নির্ধারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের জবাব দিতে ব্যর্থ হয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটিকে ফেডারেল আদালতের মুখোমুখি যেতে হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন-এ বিচারক জেড র্যাকফ জানান, সর্বোচ্চ চাহিদার সময়ে বর্ধিত ভাড়া নির্ধারণ এবং উবার স্মার্টফোন অ্যাপে নির্ধারিত একটি অ্যালগরিদমের সাহায্যে ভাড়া নির্ধারণ নিশ্চিত করতে গাড়িচালকদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে যাত্রীদের মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে।
যাত্রী প্রতিনিধিদের পক্ষে নেতৃত্বে রয়েছেন কানেকটিকাট প্রদেশের অধিবাসী স্পেন্সার মেয়ার। তিনি দাবি করেন, গাড়িচালকেরা ভাড়া নির্ধারণের ক্ষেত্রে উবার অ্যাপে নির্ধারিত অ্যালগরিদমের সাহায্যে ভাড়া নির্ধারণে কালানিক-এর সঙ্গে চক্রান্তে লিপ্ত। এ ক্ষেত্রে গাড়িচালকেরা নিজেরাই আরও ভালোভাবে ভাড়া নির্ধারণে সফল হওয়ার পরও উবার ব্যবহারকারী গাড়িচালকেরা এই কাজ করছে।
র্যাকফ জানান, এ পদ্ধতিতে ভাড়া নির্ধারণের ‘সম্ভাব্য ষড়যন্ত্রের’ অভিযোগ কালানিক-এর বিরুদ্ধে সাইডকারসহ উবারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠাগুলোকে সরিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে আসতে পারে। “ভাড়া নির্ধারণে বড় ধরনের ষড়যন্ত্র সমন্বিত করতে প্রযুক্তিগত মাধ্যমের অগ্রগতি অ্যান্টিট্রাস্ট আইনের আওতার বাইরে নয়।” -- মন্তব্য করেন তিনি।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে যাত্রীসেবা ব্যবস্থার শতকরা ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছে উবার।
মেয়ার-এর পক্ষের আইনজীবী অ্যান্ড্রু স্মিড এই সিদ্ধান্তকে স্বাগত জানান বলে জানায় রয়টার্স। তিনি বলেন, “উবার সৃষ্টির সময় কালানিক স্বাধীন গাড়িচালকদের মধ্যে ভাড়া নির্ধারণের ব্যবস্থা রেখেছিলেন। আজকের সিদ্ধান্ত নিশ্চিত করে যে কোন অ্যাপও অ্যান্টিট্রাস্ট আইনের আওতাবহির্ভূত নয়।”
মেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের উবার ব্যবহারকারী এবং সাধারণ যাত্রী যারা বর্ধিত ভাড়ায় ভোগান্তির শিকার হয়েছেন তাদের পক্ষে এ মামলাকে ক্লাস-অ্যাকশন মামলা হিসেবে গ্রহনের আহ্বান করেছেন।
এ প্রসঙ্গে উবার-এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটি এসব অভিযোগকে ‘নিরর্থক ও বানোয়াট’ বলে দাবি করে বলে রয়টার্স জানিয়েছে।
র্যাকফ জানান, উবার ব্যবহারের শর্ত হিসেবে যাত্রীরা মধ্যস্থতার সাহায্যে বিভিন্ন বিবাদের মীমাংসায় বাধ্য। এই মামলায় কালানিক-এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো “ব্যবহারের শর্তে ঘনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত ও জড়িত” বলে মন্তব্য করেন তিনি। তবে এ অভিযোগের বিপরীতে কালানিক এখনও পর্যন্ত কোনো মধ্যস্থতা না চাওয়ায় তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনতে যাত্রীদের কোনো বাধা থাকবেনা বলে তিনি মন্তব্য করেন বলে জানায় রয়টার্স।
