২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল ৩ গাড়ি আনলো টেসলা

নিজেদের বহুল প্রতীক্ষিত সর্বনিম্ন খরচের মডেল ৩ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটিকে ব্যবসায় টিকে থাকতে হলে তাদের গাড়িকে জনপ্রিয় করে তুলতে হবে। সাশ্র্যয়ী মূল্য এবং পরিসরের পাঁচ আসন বিশিষ্ট গাড়িটি নতুন গ্রাহকদের কাছে ‘আবেদনময়’ হতে পারে আর অন্যান্য বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ তৈরি করতে পারে বলে জানিয়েছে বিবিসি।

নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক জানান, তার লক্ষ্য ছিল পূর্ণ গতিতে উৎপাদন করে বছরে পাঁচ লাখ গাড়ি তৈরি করা।

গাড়িটি ২০১৭ সালের শেষের দিকে সরবরাহ করা শুরু হবে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ব্রাজিল, ভারত, চীন এবং নিউ জিল্যান্ডসহ অনেকগুলো দেশে এটি অগ্রীম অর্ডার করা যাবে।

গাড়িটির বেসিক মডেলের দাম শুরু হবে ৩৫ হাজার মার্কিন ডলার থেকে। একবার চার্জ দেওয়া হলে এটি সর্বনিম্ন ২১৫ মাইল (৩৪৬ কিলোমিটার) যাওয়ার ক্ষমতা রাখে।

২০১৫ সালে টেসলা ৫০ হাজার ৫শ' ৮০টি গাড়ি বাজারে আনে। যার অধিকাংশই ছিল মডেল এস স্যালন। এই গাড়িটি নিসানের লিফ গাড়িকে হারিয়ে বছরের সেরা বিক্রি হওয়া পূর্ণ-বৈদ্যুতিক গাড়ি নির্বাচিত হয়।

কিন্তু এখনও টেসলা মোট ৮৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে আছে। গবেষণা ও উন্নয়নের জন্য পুরো সময়ে প্রতিষ্ঠানটি ৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয় করাকে এই ক্ষতির একটি আংশিক কারণ হিসাবে দেখা হয়। এই ক্ষতির ফলে এক বছরে টেসলার নগদ রিজার্ভ ১শ' ৯০ কোটি মার্কিন ডলার থেকে ১শ' ২০ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে।

গাড়ি গবেষণা সাইট এডমান্ডস্-এর বিশ্লেষক জেসিকা ক্যাডওয়েল বলেন, “দীর্ঘসময় ধরেই টেসলার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। মডেল এস এবং মডেল এক্স এর মত উপযুক্ত পণ্য তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বিক্রয়ের লক্ষ্যমাত্রায় পৌছাবে না।”