২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে সাইবার নিরাপত্তা ত্রুটি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিস্টেমে ত্রুটি খুঁজে পেয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা। এসব ত্রুটি ব্যবহার করে হ্যাকারদের পক্ষে ভিসা আবেদন পরিবর্তন সহ ফাইলে সংরক্ষিত অর্ধশতকোটিরও বেশি রেকর্ড চুরি করা সম্ভব হতে পারত বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এবিসি নিউজ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

রয়টার্সের খবরে জানা যায়, কয়েক মাস আগের এক অভ্যন্তরীণ রিভিউতে স্টেট ডিপার্টমেন্টের কনসুলার কনসোলিডেটেড ডেটাবেইজ (সিসিডি)-এ এই নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটি ধরা পড়ে। তবে, এখনও পর্যন্ত কোনো অনধিকার প্রবেশের ঘটনা ধরা পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভিসা আবেদনকারী ও ভ্রমণকারীদের পাসপোর্ট অনুমোদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ সিসিডি-তে সাম্প্রতিক ও অতীতের ভিসা রেকর্ড এবং নাম, ছবি, ঠিকানা, বায়োমেট্রিক ডেটা, বুরো অফ কনসুলার অ্যাফেয়ার্স থেকে প্রাপ্ত আইডেন্টিফিকেশন নাম্বারসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এবিসি নিউজ-এর প্রতিবেদনে আরও জানা যায়, সিসিডি-এর কম্পিউটার ব্যবস্থাকে যুগোপযোগী না করার কারণেই এসব ত্রুটির উদ্ভব হয়েছে।

সিসিডি-এর অন্তর্ভুক্ত কোনো তথ্যে এখনও পর্যন্ত সাইবার আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি বলে এক ইমেইল বিবৃতিতে জানিয়েছেন বিভাগটির একজন মুখপাত্র।

এরই মধ্যে ভিসা সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা হয়েছে এবং আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বরাতে জানায় এবিসি নিউজ।

এ ছাড়াও প্রতিবেদনে সিসিডির নিরাপত্তা ত্রুটি দূরীকরণের প্রশ্নে অন্যান্য সরকারি সূত্রের সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং এ সমস্যা সমাধানে কোনো নির্দিষ্ট সময়সূচী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।