২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে ফ্রি ফেইসবুক বন্ধ মিশরে

২০১৫ সালের শেষের দিকে মিশরে বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিনামূল্যে ইন্টারনেট সেবাদান প্রকল্প ‘ফ্রি বেসিকস’। মিশর সরকারকে ব্যবহারকারীদের উপর নজরদারি করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব নাকচ করার কারণেই এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যাক্তির বরাতে এমনটা জানিয়েছে রয়টার্স। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রযুক্রি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

২০১৫ সালের অক্টোবরে মিশরে ফ্রি বেসিকস চালু করা হয়। সে বছর ৩০ ডিসেম্বর দেশটির সরকার এই সেবা বন্ধ করে দেয়। তবে, দেশটির মোবাইল ক্যারিয়ার আতিসালাত-কে  শুধু দুই মাসের জন্য এই সেবা চালু রাখার অনুমতি দেওয়া হয়।

ওই দুই ব্যাক্তির কাছ থেকে জানা যায়, সরকারকে ব্যবহারকারীদের উপর নজরদারি করার ক্ষমতা না দেওয়ায় এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। তবে, এ ক্ষেত্রে সরকার ঠিক কী ধরনের নজরদারি করতে চেয়েছিল বা ফেইসবুকের রীতিতে কী ধরনের পরিবর্তন আনতে চেয়েছিল তা প্রকাশে রাজি হননি তারা।

ফেইসবুকের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আর আতিসালাত-কে অনুরোধ করা হলেও তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

মিশরের যোগাযোগ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মোহাম্মদ হানাফি এই অভিযোগের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে রাজি না হলেও, ফ্রি বেসিকস বন্ধ করে দেওয়ার পেছনে থাকা ‘অন্য কিছু’ কারণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই সেবায় গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হচ্ছিল, আর জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক দেখে যে এটি প্রতিষ্ঠানগুলো ও তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য ক্ষতিকর।”

চলতি বছর ৮ ফেব্রুয়ারি ফেইসবুকের ‘ফ্রি বেসিকস’ ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ‘ফ্রি বেসিকস’-এর মাধ্যমে বিনা ফেইসবুক যে সেবা দিচ্ছে, তাতে ইন্টারনেট সংযোগবঞ্চিত জনসাধারণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছানোর বদলে ‘নেট নিউট্রালিটি’ লঙ্ঘন করা হচ্ছে বলে জোর শোর তুলেছিলেন এর সমালোচনাকারীরা।