কার্যপ্রণালীর গোপনীয়তা চায় এফবিআই
টর নেটওয়ার্কের সাহায্যে শিশু পর্ণোগ্রাফি ওয়েবসাইট ব্যবহার করেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করতে এফবিআই কোন পদ্ধতির শরণাপন্ন হয়েছে তা প্রকাশ করার আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।
ওয়েবসাইটটির অভিযুক্ত একজন ব্যবহারকারী সম্পর্কিত একটি মামলায় ফেব্রুয়ারির শেষদিকে এক শুনানিতে আদালত এফবিআই-কে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য হস্তান্তরের আদেশ দেন বলে বিবিসি জানায়।
বিবাদীপক্ষের আইনজীবীরা জানান, ব্যবহারকারীদের চিহ্নিত করতে এফবিআই তার আওতার বাইরে হস্তক্ষেপ করেছে কিনা তা জানতে তাদের এসব তথ্যের প্রয়োজন। এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে যথযথভাবে শনাক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে আরও বিস্তারিত তথ্য চায় তারা।
তবে তাদের এ দাবি নাকচ করে দিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্যাদি এই মামলার সাথে সংশ্লিষ্ট নয় বলে এফবিআই-এর পক্ষে আইন বিভাগ দাবি করে।
এফবিআই এজেন্ট ড্যানিয়েল আলফিন আইন বিভাগের দাখিল করা আইনী দলিলে বলেন, “বাড়ির গেইট কীভাবে খোলা হয়েছে সেই তথ্য দিয়ে ওই বাড়ির ভেতরে কী হচ্ছে তা জানা সম্ভব না।”
তিনি আরও জানান, এফবিআই তার আওতার বাইরে হস্তক্ষেপ করেছে কিনা তা জানতে বাড়তি তথ্য বিবাদীপক্ষের আইনজীবীদের কোন কাজে আসবে এমন আশা করাটা ভুল। এফবিআই বিবাদীপক্ষের বিশেষজ্ঞদের এ সংক্রান্ত যথেষ্ট তথ্য সরবরাহ করেছে বলেও উল্লেখ করা হয় এতে।
এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে যথাযথভাবে শনাক্ত করা হয়েছে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী প্রকাশের ব্যাপারে তিনি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
২০১৫ সালের শুরুতে এফবিআই-এর পরিচালিত চিরুনি অভিযানে 'প্লাটিপেন' নামক টর-নির্ভর একটি ওয়েবসাইট জব্দ করা হয়। ওয়েবসাইটটি শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত ছবি এবং ভিডিও ব্যবসার সাথে জড়িত ছিলো বলে জানায় বিবিসি। জব্দ করার পরও এফবিআই পরবর্তী ১৩ দিন পর্যন্ত এই ওয়েবসাইট চালু রেখে শিশু নিপীড়নের ছবিগুলোর ডিসকাশন থ্রেডে অংশ নেওয়া ব্যবহারকারীদের সম্পর্কিত তথ্য সংগ্রহ করে বলে জানিয়েছে বিবিসি।
