শার্প-কে কিনছেই ফক্সকন
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন জানিয়েছে, অবশেষে তারা ধুঁকতে থাকা জাপানভিত্তিক ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান শার্পকে কিনে নেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে।
বিবিসি কে ফক্সকন জানায়, চুক্তিটির জন্য তাদের ৩৮৯০০ কোটি ইয়েন বা ৩৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে এবং এর মাধ্যমে তারা শার্প এর ৬৬ শতাংশ অংশীদারিত্ব পাবে। প্রতিষ্ঠান দুটি জানায়, চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে এপ্রিলের ২ তারিখ। এর ফলে প্রথম বিদেশি প্রতিষ্ঠান হিসাবে কোন জাপানভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের মালিকানা পেতে যাচ্ছে ফক্সকন।
বিশ্বের বেশিরভাগ আইফোনের অ্যাসেম্বলকারী প্রতিষ্ঠান ফক্সকন ২০১২ সালে প্রথম জাপানের প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার প্রস্তাব দিলেও তখন সে আলোচনা বেশিদূর আগায়নি।
নিজেদের ‘অগ্রগণ্য বিশ্বমানের প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান’ বলে অভিহিত করে ফক্সকন এবং শার্প জানায়, তারা যৌথভাবে ‘একটি ঐতিহাসিক কৌশলগত জুটি’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
১৯১২ সালে প্রতিষ্ঠিত হওয়া শার্প জাপানের অন্যতম পুরাতন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। শার্প এর ডিসপ্লে প্যানেলের পেছনে তাদের স্বতন্ত্র প্রযুক্তি থাকায় জাপানি কর্মকর্তারা প্রতিষ্ঠানটি বিদেশি মালিকানার অধীনে যেতে দিতে অনিচ্ছুক ছিলেন। ফক্সকনের সঙ্গে চুক্তির ঘোষণার আগে শার্প সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া একদল বিজ্ঞানীর সঙ্গে আলোচনা চালাচ্ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে শার্প-এর ভাগ্য সহায় না হলেও তারা এখনো এলসিডি প্রযুক্তিতে অন্যতম সেরা, যা ফক্সকন-এর জন্য সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে। ২০১২ সালে শার্প সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছিল। ঋণের বিরুদ্ধে এ লড়াইয়ে ২০১৬ সাল পর্যন্ত শেষ চার বছরে দুবার বড় ধরনের জামিন প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় প্রতিষ্ঠানটিকে।
শার্প-এর উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে ১৯১৫ সালে তৈরি যান্ত্রিক পেন্সিল এবং প্রতিষ্ঠানটি টেলিভিশন প্রকৌশল ক্ষেত্রের উন্নয়নেও অগ্রগণ্য ভূমিকা পালন করে।
