যুক্তরাজ্যে ভোডাফোনে অসন্তোষ বাড়ছে
যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনের গ্রাহক অসন্তোষ বেড়েই চলেছে। দেশটির টেলিকম নেটওয়ার্ক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান অফকমের নতুন এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
বিবিসি জানিয়েছে, অফকমের ওই প্রতিবেদনের ভাষ্যমতে, ২০১৫ সালের শেষ দিকে লক্ষণীয় মাত্রায় বেড়েছে ভোডাফোনের বিরুদ্ধে অভিযোগ। সংখ্যার হিসেবে ২০১৫ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির প্রতি এক লাখ মাসিক গ্রাহকের মধ্যে ৩২টি করে অভিযোগ পাওয়া গিয়েছে। ২০১৪ সালের তুলনায় অভিযোগের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
বাস্তবে ভোডাফোনের নেটওয়ার্কে অভিযোগের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও অফকমের পক্ষ থেকে জানানো হয়। অফকম যে সংখ্যা প্রকাশ করেছে, তা শুধু যেসব গ্রাহক সরাসরি তাদেরকে অভিযোগ জানিয়েছে তাদের সংখ্যা। এর বাইরে এমন অনেক গ্রাহক আছে যারা ভোডাফোনেই অভিযোগ জানিয়েছে।
অফকমের ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে যুক্তরাজ্যে ভোডাফোনই সবচেয়ে বেশি অভিযোগধারী টেলিকম নেটওয়ার্ক। এই অভিযোগ নিয়ে প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ভোডাফোনের এক মুখপাত্র বলেন, “এই প্রতিবেদনে যে বিষয়টি বেশি করে উল্লেখ করা হয়ছে তা হল, আমরা গত বছর (২০১৫ সাল) গ্রাহকের বিল প্রদানের সিস্টেমকে নতুন সিস্টেমে হস্তান্তর করেছি। ভোডাফোনের সেবাগুলোকে গ্রাহকের কাছে আরও সাধারণ করতে ‘ক্লিক অ্যান্ড কালেক্টে’-এর মতো নতুন আরও অনেক সেবা দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে জটিল এই হস্তান্তর প্রক্রিয়ার কারণে বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। এখন এই হস্তান্তর প্রক্রিয়া পরিপূর্ণ হয়েছে। আমরা আশা করছি আমাদের নেটওয়ার্কে ২০০ কোটি ব্রিটিশ পাউন্ডের এই বিনিয়োগ গ্রাহককে একধাপ পরিবর্তিত সেবা প্রদান করবে।”
বর্তমানে এক লাখ ৮০ হাজার বিলেতি গ্রাহকের মধ্যে ৬০ লাখ মাসিক গ্রাহক রয়েছে ভোডাফোনের। দেশটির অপর টেলিকম অপারেটর টক মোবাইলের মাসিক গ্রাহকের অভিযোগের সংখ্যা প্রতি এক লাখে ৯টি। আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে টেসকো মোবাইল। প্রতি এক লাখে তাদের অভিযোগের সংখ্যা মাত্র একটি।
