স্যামসাংয়ের বিরুদ্ধে মামলায় পেলে
দক্ষিণ কোরীয়াভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি অ্যাডসন আরান্তেস দো নাসিমেন্তো, যাকে সবাই পেলে নামেই চেনে। একটি বিজ্ঞাপনে ‘দেখতে একইরকম’ একজনকে অন্যায়ভাবে ব্যবহার করার অভিযোগে এই মামলা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের শিকাগো-তে জেলা আদালতে জমা দেওয়া আইনি দলিল অনুযায়ী, এজন্য পেলে অন্তত তিন কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবী করেছেন বলে জানিয়েছে বিবিসি। নিউ ইয়র্ক টাইমস-এ পেলের অনুমতি ছাড়াই প্রকাশিত হয় স্যামসাং এর আলট্রা হাই-ডেফিনিশন টেলিভিশনের এই বিজ্ঞাপনটি।
অভিযোগে বলা হয়, ২০১৩ সালে পণ্যের বিজ্ঞাপনে পেলের ছবি ব্যবহার সংক্রান্ত চুক্তিটির অবসান ঘটলেও তার ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রকাশ করেছে স্যামসাং। অভিযোগকারীর ভাষ্যমতে, বিজ্ঞাপনে পেলের নাম ব্যবহার না করা হলেও পেলের ‘খুব কাছাকাছি দেখতে’ একটি মুখচ্ছবি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনে একজন ফুটবলারের ছোট একটি ছবিও ব্যবহার করা হয়েছে, যেখানে দেখা যায় সে বাইসাইকেল-কিক বা সিজারস-কিক দিচ্ছে, যা উদ্ভাবন এবং সফলভাবে ব্যবহার করার জন্য বিখ্যাত ছিলেন পেলে।
পেলের দাবি, স্যামসাংয়ের বিজ্ঞাপনটি তার অনুমোদন-অধিকারের মর্যাদার ওপর আঘাত হানবে এবং তিনি স্যামসাংয়ের পণ্যের সমর্থক- এমন ধারণা দিয়ে ভোক্তাদের ভুলপথে চালিত করবে।
ক্ষতিপূরণ দাবী করার পাশাপাশি ব্রাজিলের হয়ে দু’বার বিশ্বকাপ জয় করা এবং 'বিশ্বের সর্বকালের সেরা' হিসাবে বিবেচিত এই ফুটবলারের আইনজীবীরা ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত ছবি ব্যবহার প্রতিরোধ করার আশাও ব্যক্ত করেছে। মামলাটি করেছে এই ফুটবলারের ট্রেডমার্ক এবং প্রচার অধিকারের স্বত্ত্বাধিকারী পেলে আইপি ওনারশিপ এলএলসি। ৭৫ বছর বয়সী এই সাবেক তারকা ফুটবলারের বর্তমান আয়ের সিংহভাগ আসে বিজ্ঞাপন থেকে।
পেলের আইনজীবী ফ্রেডেরিক স্পারলিং এর আগে শিকাগো বুলস-এর সাবেক তারকা খেলোয়াড় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানেরও আইনজীবী হিসাবেও কাজ করেছেন। স্পারলিং জর্ডানের হয়ে ডোমিনিক’স ফাইনার ফুডস এর বিরুদ্ধে স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনে অননুমোদিত পরিচিতি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া সংক্রান্ত একটি মামলা জিতেছিলেন।
