২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫০ কোটি ডলারে বিভাগ ছাড়ছে ডেল

বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল তার ব্যবসার একটি অংশ বিক্রি করে দিতে যাচ্ছে। সূত্র রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আজ সোমবার প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান জাপানের এনটিটি ডেটা কর্পো.-এর কাছে তার নন-কোর তথ্যপ্রযুক্তি পরামর্শক বিভাগ সাড়ে তিনশ’ কোটি ডলারের বিনিময়ে বিক্রির ঘোষণা দিতে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই চুক্তি এখনও পর্যন্ত দাপ্তরিকভাবে অনুমোদিত হয়নি, কোনো ধরনের চুক্তির ঘোষণা টোকিওতে প্রতিষ্ঠান দুটির মধ্যে বৈঠকের পর এনটিটি ডেটা বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে আসবে।

এর ফলে ডেল ডেটা স্টোরেজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইএমসি কর্পো.-এর কাছে তার ৪,৩০০ কোটি ডলার ঋণের কিছু অংশ ছেঁটে ফেলতে পারবে বলে জানিয়েছে রয়টার্স।

এ ছাড়াও এই চুক্তির ফলে এনটিটি ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানকে আরও পাকাপোক্ত করতে পারবে। বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবামূলক প্রযুক্তি, বীমা এবং অর্থনীতি সম্পর্কিত পরামর্শদান বিষয়ক সেবার প্রসারের চেষ্টা চালাচ্ছে।

এ প্রসংগে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ডেল তাতে অনীহা প্রকাশ করে এবং এনটিটি ডেটা-এর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় রয়টার্স।