নতুন র্যানসমওয়্যার: সতর্ক এফবিআই
র্যানসমওয়্যার ব্যবহার করে হ্যাকারদের নতুন ধরনের চাঁদাবাজি তদন্তে ব্যবসা প্রতিষ্ঠান এবং সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা চেয়েছে এফবিআই।
রয়টার্স জানিয়েছে, সম্প্রতি পাওয়া ২৫ মার্চের একটি গোপনীয় ‘ফ্ল্যাশ’ সতর্কবার্তায় এফবিআই এ আহ্বান জানায়।
এফবিআই থেকে শুক্রবারের এ সতর্কবার্তা ছিলো প্রধানত এমএসআইএল/সামাস.এ নামের একটি র্যানসমওয়্যার নিয়ে। যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা জানায়, এই র্যানসমওয়্যার সম্পূর্ণ নেটওয়ার্কের ডেটা এনক্রিপ্ট করার চেষ্টা চালায়, যেখানে পূর্ববর্তী র্যানসমওয়্যারগুলো প্রতিবারে একটি করে কম্পিউটারের ডেটায় আক্রমণ চালাতো।
এই আহ্বানে আক্রমণ সংক্রান্ত তথ্য এবং এ ধরনের আক্রমণের শিকার প্রতিষ্ঠানগুলোকে আক্রমণের প্রমাণাদি নিয়ে তাৎক্ষণিকভাবে এফবিআই-এর সাইওয়াচ সাইবার সেন্টারে যোগাযোগ করতে বলা হয়। নতুন র্যানসমওয়্যার টুলস ও কৌশল সংক্রান্ত এফবিআই-এর পরামর্শ ও সতর্কবার্তার ধারাবাহিকতায় এটি সর্বশেষ সংযোজন।
নিজেদের ১৮ ফেব্রুয়ারির প্রতিবেদনে এমএসআইএল/সামাস.এ সম্পর্কে প্রথমবারের মতো উল্লেখ করে এফবিআই। তবে, শুক্রবারের সতর্কবার্তার মতো তাতে এতোটা গুরুত্ব দেওয়া হয়নি। এ ঘোষণায় কিছু কলাকৌশলগত বিস্তারিত তথ্য থাকলেও তাতে সহায়তার জন্য আহ্বান করা হয়নি। এতে র্যানসমওয়্যারটি সম্পর্কে বলা হয়, এটি ‘জেবস’ নামের একটি সফটওয়্যারের পূর্ব সংস্করণগুলোতে আক্রমণ চালায়।
রয়টার্স জানায়, এফবিআই-এর সর্বশেষ প্রতিবেদনে হ্যাকারদের ‘জেক্সবস’ নামের একটি সফটওয়্যার ব্যবহারের কথা উল্লেখ করেছেন তদন্তকারীরা। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে দূর্বল ‘জেবস’ সিস্টেম খুঁজে বের করে এবং হ্যাকারদের দূর থেকেই আক্রমণ চালিয়ে নেটওয়ার্কের অন্তর্ভূক্ত কম্পিউটারে র্যানসমওয়্যার চালু করতে সাহায্য করে।
শুক্রবার ভাইরাস আক্রান্ত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে আক্রমণে সক্ষম এমন একটি র্যানসমওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কার্বন ব্ল্যাক। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা বেন জনসন মন্তব্য করেন, “এটি এখন জাতীয় সাইবার গুরুত্বের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।”
র্যানসমওয়্যারের শিকার প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে এফবিআই কিছু কলাকৌশলগত নির্দেশকের একটি তালিকা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “নেটওয়ার্ক প্রতিরক্ষা কর্মকাণ্ড চালু করতে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের ঝুঁকি কমাতে এফবিআই এসব নির্দেশকগুলো বণ্টন করছে।”
এ প্রসঙ্গে এফবিআই প্রতিনিধিরা গোপনীয়তার কারণ দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
র্যানসমওয়্যারের আক্রমণে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্যসেবা এবং আইন প্রয়োগকারী সংস্থার মতো কম্পিউটারনির্ভর বিভাগগুলো। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এসব ক্ষেত্রে মুক্তিপণ দেওয়ার মাধ্যমে এনক্রিপটেড ডেটা মুক্ত করাটাই, এ ধরনের প্রতিষ্ঠানে আক্রমণে হ্যাকারদের আরও বেশি উৎসাহিত করছে।
