হোয়াটস্যাপ ফন্টে পরিবর্তনের সুযোগ
জনপ্রিয় মেসেজিং সেবাপ্রদানকারী অ্যাপ হোয়াটস্যাপ টেক্সটের গুরুত্ব বাড়াতে ফন্ট স্টাইলে নানা পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে ব্যবহারকারীদের।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর সূত্রে জানা যায়, ফেইসবুকের আওতাধীন এ অ্যাপটি এবার চ্যাটবক্সে টেক্সটের ফন্ট স্টাইল বোল্ড বা ইটালিকে পরিবর্তনের সুবিধা চালু করেছে। এতে কোনো একটি শব্দের উভয়পাশে অ্যাসটেরিক্স (*) যোগ করে পাঠালে শব্দটি বোল্ড হিসেবে প্রাপকের কাছে পৌঁছবে। আর শব্দের উভয় পাশে আন্ডারস্কোর (_) বসালেই শব্দটি পরিবর্তিত হবে ইটালিক ফন্ট স্টাইলে।
এ ছাড়াও শব্দের উভয় পাশে টিল্ডে (~) বসিয়ে শব্দটিকে দেয়া যাবে স্ট্রাইকথ্রু ইফেক্ট, যার সাহায্যে শব্দটির গুরুত্ব বাড়ানো যাবে অনেকখানি।
এর আগে প্রতিষ্ঠানটি অ্যাপটির বেটা সংস্করণের এই নতুন সংযোজনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলো। অ্যাপটির নতুন আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণে সফলভাবে এই সুবিধাটি যুক্ত করেছে তারা।
