মামলা শেষে অ্যাপলের শেষ জবাব
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই অ্যাপলের সহযোগিতা ছাড়াই সান বার্নার্ডিনোর বন্দুকধারীর আইফোনের তথ্য হাতে পেয়ে যাওয়ায় এ বিষয়টি নিয়ে দুই পক্ষের আইনি লড়াইয়ের ইতি ঘটার কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। আর এ রায়ের পর দীর্ঘদিন চলা এ মামলার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সমালচনা করেছে টেক জায়ান্ট অ্যাপল।
২০১৫ সালের ডিসেম্বরে সান বার্নার্ডিনোর এক প্রতিবন্ধী সেবা কেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায়, অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন পুলিশের গুলিতে নিহত হন। ওই হামলার দিন তাশফিন সোশাল মিডিয়ায় কথিত আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।
রিজওয়ানের আইফোনের তথ্য যাতে এফবিআই পেতে পারে সেজন্য ‘ব্যাকডোর’ তৈরি করে দিতে ফেব্রুয়ারিতে একটি আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
এফবিআই নিজেরাই আইফোনে ‘অ্যাকসেস’ করতে পেরেছে জানিয়ে শেষ সোমবার বিচার বিভাগের কর্মকর্তারা আদালতের ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ করেন।
আইনজীবীরা জানান, ‘বাইরের একটি দল’ অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’ করার একটি পদ্ধতি বের করেছে। তখন বিচার বিভাগের অনুরোধে বিষয়টি নিয়ে আদালতে শুনানি স্থগিত হয়েছিল।
এ রায়ের পর অ্যাপল জানিয়েছে, তাদের বিরুদ্ধে এই মামলাটি করাই উচিৎ হয়নি। শুনানি শেষে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোন নিরাপত্তার ক্ষেত্রে তারা আরও বেশি জোর দেবে যেন সাধারণ মানুষ তো বটেই আইন প্রয়োগকারীদের জন্যও যেন এতে ‘অ্যাকসেস’ করাটা কঠিন হয়ে পরে।
সোমবার এফবিআই এর সহকারী পরিচালক ডেভিড বোডিচ জানিয়েছেন, স্যান বার্নার্ডিনোর বন্দুকধারীর আইফোন পরীক্ষা করা তদন্তের একটা অংশ ছিল। বন্দুকধারী কার হয়ে কাজ করছিল অথবা আর কোনো 'টার্গেটের' পরিকল্পনা ছিল কিনা তা জানাই ছিল মূল কারণ। তিনি এক বিবৃতিতে বলেছেন, “আমি সন্তুষ্ট যে আমরা অ্যাকসেস পেয়েছি যার ফলে আগের থেকে বেশি তথ্য জানতে পেরেছি”।
এদিকে শুনানি শেষে অ্যাপল এক বিবৃতিতে বলেছে, “অ্যাপল যেন আইফোনের একটা ব্যাকডোর তৈরি করে দেয়– এফবিআই এর এই দাবির বিরোধিতা আমরা শুরু থেকেই করেছি। কেননা আমরা বিশ্বাস করি এটি ভুল হত এবং একটি বিপদজনক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা পেত। সরকার এটি নিষ্পন্ন করে দেওয়ায় এর কোনোটাই ঘটে নি। এই মামলা করাই উচিত হয়নি।”
“আমরা বরাবরের মতো আইন প্রয়োগকারীদের তদন্তের ক্ষেত্রে তাদের সহায়তা করব এবং সেই সঙ্গে আমাদের তথ্যের উপর হুমকি ও আক্রমণ বাড়তে থাকায় আমাদের পণ্যের নিরাপত্তা বৃদ্ধি করব।”
“অ্যাপল বিশ্বাস করে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের সব মানুষ তথ্যের সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার অধিকার রাখে। কারও জন্য এর একটি বিসর্জন দেওয়া মানে মানুষ এবং দেশকে অনেক বড় ঝুঁকির দিকে ঠেলে দেওয়া।”
“এই মামলাটি আমাদের নাগরিক স্বাধীনতা এবং আমাদের সমষ্টিগত নিরাপত্তা ও গোপনীয়তার সম্পর্কে একটি জাতীয় বৈঠকের প্রয়োজনীয়তা তৈরি করেছে। অ্যাপল এমন আলোচনায় অংশগ্রহণে অঙ্গীকারবদ্ধ”, এমনটাই বলা হয় অ্যাপলের বিবৃতিতে।
