২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেইসবুক নারীবিদ্বেষী’, বহিষ্কার লেখিকা

ক্লেমেন্টাইন ফোর্ড নামের একজন নারীবাদী লেখিকা ‘দ্বিমুখী নীতির’ জন্য ফেইসবুকের কড়া ভাষায় সমালোচনা করেছেন। আর শেষ পর্যন্ত ওই নারীই বহিষ্কার হয়েছেন সামাজিক মাধ্যমটি থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

একটি ইন্টারনেট ব্যঙ্গচিত্রকে সামনে আনার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে বহিষ্কৃত হন।

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানায়, ‘পারিবারিক সহিংসতাকে উৎসাহিত করে’ এমন একটি ব্যাঙ্গাত্মক ছবি নিয়ে তিনি অভিযোগ করলেও তা সরিয়ে নেওয়ার জন্য মনোনিত হয়নি।

ওই ব্যঙ্গচিত্রে দেখানো হয়, একজন নারীর মুখ রক্তাক্ত হয়ে আছে এবং তার নিচে লেখা- “সে আমাকে স্যান্ডউইচ বানাতে বলেছিলো। আমার শোনা উচিৎ ছিলো।” মিস ফোর্ড ব্যঙ্গচিত্রটিকে “বিরক্তিকর এবং বিকৃত রুচির” অভিহিত করে রিপোর্ট করলেও, তা ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে লঙ্ঘন করেনি বলে জানানো হয়।

ঘটনা দুটির প্রেক্ষিতে মিজ ফোর্ড ফেইসবুককে ‘ভণ্ড’ অভিহিত করে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এটি “নারীর প্রতি অত্যন্ত বিরূপ, শত্রুভাবাপন্ন আচরণ”। মিজ ফোর্ডের কিছু টুইটার ফলোয়ার জানান, তারাও ওই ব্যঙ্গচিত্র নিয়ে অভিযোগ করলে একই প্রতিউত্তর পাওয়া যায়, যেখানে বলা হয়, “আমরা আপনার বিরক্তিকর এবং অনাকর্ষণীয় বলে অভিযোগ করা ছবি পর্যালোচনা করেছি এবং এটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে লঙ্ঘন করে না।”

নিষিদ্ধ হওয়ার পর মিজ ফোর্ড আরেকটি ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক মাধ্যমটির ব্যাপারে তার মতামত প্রকাশ করেন। তিনি লেখেন, “আমি শুধু এই নোংরামির সঙ্গে এসপার-ওসপার করতে খোলা আরেকটি অ্যাকাউন্ট থেকে লিখছি। নোংরামি বলতে আমি বোঝাচ্ছি নারীর প্রতি ফেইসবুকের বিরূপ, শত্রুভাবাপন্ন আচরণ।”

তিনি বিদ্রুপ করে লেখেন, “আমাদের সহিংসতার হুমকি আর শরীর নিয়ে কুরুচিপূর্ণ কথা সহ্য করে মুখ বন্ধ করে রাখতে হবে, কারণ এটা ‘মজাদার’ এবং ‘বাক-স্বাধীনতা’।”

ফেইসবুকের নীতিমালা অনুযায়ী, 'যৌন নির্যাতন বা শোষণমূলক হুমকি দেওয়া বা কথা ছড়ানো' এবং 'লিঙ্গ বা লিঙ্গপরিচয়ভিত্তিক সরাসরি ব্যক্তিগত আক্রমণ সংক্রান্ত বিদ্বেষমূলক বক্তব্য বা বিষয়' তারা সরিয়ে ফেলবে।

একই সঙ্গে ফেইসবুক বলে, “বিশ্ব সম্প্রদায়গুলোর বৈচিত্রের কারণে ব্যবহারকারীর অবশ্যই মাথায় রাখতে হবে যে, আপনার মতের সঙ্গে না মিললে বা বিরক্তিকর হলেও তা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন নাও করতে পারে।”

২০১৫ সালে ক্লেমেন্টাইন ফোর্ড-কে ফেইসবুক থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে কিছু ব্যক্তির করা সহিংস এবং যৌনবিষয়ক হুমকিগুলো তিনি রিপোস্ট করলে তাকে বহিষ্কার করা হয়েছিল।

ওই দৈনিককে ফেইসবুকের একজন প্রতিনিধি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বিষয়টির তদন্ত করে দেখছে।