২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশীদের জন্য ই-কমার্স খুলে দিল ভারত

মঙ্গলবার নিজেদের ই-কমার্স খাতে শতভাগ বৈদেশিক বিনিয়োগের অনুমোদন দিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

কয়েকশ' কোটি ডলারের এই খাতে প্রথমবারের মতো শতভাগ অনুমোদন দিলো ভারত, জানিয়েছে রয়টার্স। অনেক বছরের সংরক্ষণনীতির পর ২০১১ সালে তাদের খুচরা বিক্রয়খাত উন্মুক্ত করে দিলেও ই-কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের সুস্পষ্ট নীতিমালা ছিলো না।

মঙ্গলবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ই-কমার্স খাতে শতভাগ সরাসরি বৈদেশিক বিনিয়োগ অনুমোদন করবে, যার মধ্যে অয়্যারহাউজিং, ইনভেন্টরি এবং ব্যবসায়ীদের লেনদেন প্রক্রিয়াবিষয়ক পরিসেবাও থাকছে। যদিও বিবৃতিতে এটাও জানানো হয়, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটে বিক্রি হওয়া পণ্যের মূল্যের উপর প্রভাব বিস্তার করতে পারবে না এবং একজন ব্যবসায়ী থেকে ২৫ শতাংশের বেশি পণ্য আসতে পারবে না।

মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, খুচরা বিক্রেতাই বিক্রি হওয়া পণ্যের মালিক, এ ধরনের ইনভেন্টরি-ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে বৈদেশিক বিনিয়োগ এখনো অননুমোদিতই থাকছে। বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এবং বিদেশি অর্থায়নে পরিচালিত স্থানীয় প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল ইতোমধ্যেই দেশটিতে ব্যবসা করছে। এদের ইনভেন্টরি নেই বরং তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ ঘটায় এবং মধ্যস্বত্ত্বভোগী হিসাবে কমিশন পায়।

বিএমআর অ্যাডভাইজরস-এর একজন অংশীদার ভিভেক গুপ্তা বলেন, “ই-কমার্সের বিষয়ে সরকারের এই স্পষ্ট অবস্থান অনেকদিন ধরেই বিলম্বিত অবস্থায় ছিল। ভালো দিকটি হচ্ছে, বিষয়টি সম্পর্কে কিছুটা স্পষ্টতা পাওয়া গেলো।”

ভারতের ই-কমার্স পণ্যের বাজারমূল্যের দিক দিয়ে ২০১৫ সালের প্রায় ১১০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ২২ হাজার কোটিতে গিয়ে দাঁড়াবে বলে ভবিষ্যতবাণী করেছেন ব্যাংক অফ আমেরিকা-এর মেরিল লিঞ্চ।