সায় ছাড়া স্ন্যাপচ্যাটে ছবি শেয়ার অবৈধ
স্ন্যাপচ্যাট মেসেজের স্ক্রিনশট নিয়ে তা প্রেরকের অনুমতি ছাড়া শেয়ার করা অবৈধ এবং এতে দুই বছরের জেল হবে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রী।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেরকের অজ্ঞাতে এমন কাজ করা অবৈধ বলে সতর্ক করেছেন এড ভেইজে। তিনি জানিয়েছেন, প্রেরকের অনুমতি ছাড়া যে কেউ স্ন্যাপচ্যাটের মেসেজের স্ক্রিনশট অন্য কাউকে পাঠালে প্রেরক তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।
তিনি বলেন, “যুক্তরাজ্যের কপিরাইট আইন অনুসারে ছবির মালিকের অজ্ঞাতে কোনো স্ন্যাপচ্যাট ব্যবহারকারী তার ছবি যদি কপি করে এবং সবার জন্য সহজলভ্য করে দেয় তবে তা অবৈধ বলে বিবেচিত হবে। ছবির মালিক তখন কপিরাইট আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে মামলা করতে পারবেন।”
তিনি আরও জানিয়েছেন, কেউ যদি যৌনতাধর্মী কোনো ছবি মালিকের অনুমতি ছাড়া অন্যকে তাহলে তার জেলে যাওয়ার শাস্তি হতে পারে।
“কাউকে উত্ত্যক্ত করতে তার অজ্ঞাতে যদি তার যৌনতাবিষয়ক ছবি বা ফিল্ম প্রকাশ করা হয়, তবে তা অপরাধ বিচার ও আদালত আইন ২০১৫-এর ধারা ৩৩ এর অধীনে একটি অপরাধ বলে বিবেচিত হবে। এমন আচরণের জন্য অপরাধীদের সর্বোচ্চ দুই বছর জেল দেওয়া হতে পারে।”
স্ন্যাপচ্যাটে ছবি পাঠানোর দশ সেকেন্ডের মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। তবে, এর আগেই প্রাপক তার একটি কপি সেইভ করে রাখার আশঙ্কাও থাকে।
স্ন্যাপচ্যাট প্রাইভেসি পলিসি অনুসারে, কোনো প্রাপক ছবির স্ক্রিনশট নিয়ে রেখেছে এ সম্পর্কে যদি স্ন্যাপচ্যাট জানতে পারে, তবে তা প্রেরককে জানানোর চেষ্টা করা হয়। তবে, স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ তার ব্যবহারকারীদের মেসেজ সেইভ বা শেয়ার করা থেকে বিরত থাকার উপদেশ দিয়েছে।
আইনটি কেবল স্ন্যাপচ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যুক্তরাজ্যের কপিরাইট আইন অনুসারে একজনের ছবি আরেকজনকে পাঠানো সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেই এটি বহাল রয়েছে।
যুক্তরাজ্যের আইন অনুসারে কপিরাইট আইন লঙ্ঘনের ফলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এবং ‘সীমাহীন’ জরিমানার শাস্তির বিধান রয়েছে।
