২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ইন্টারনেটবিষয়ক কমিটিতে সুমন

সুমন আহমেদ সাবির ইন্টারনেট গর্ভনেন্স ফোরাম (আইজিএফ)-এর মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভাইজারি গ্রুপ ২০১৬-এর সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ নেটওয়ার্ক অপরেটর্স গ্রুপ বা বিডিনগ-এর বোর্ড অফ ট্রাস্টি’র চেয়ারম্যান ও এপনিক এর পলিসি সংক্রান্ত স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) কমিটির কো-চেয়ারম্যান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এই গ্রুপের সদস্যরা নিয়মিত জাতিসংঘ মহাসচিবকে ইন্টারনেট গভর্নেন্সবিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ৫৫ সদস্যের এই গ্রুপে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা রয়েছেন। তিনি বর্তমানে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ফাইবার এট হোম-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসাবে কর্মরত আছেন।

২০০৫ সালের নভেম্বরে তিউনিশিয়ায় অনুষ্ঠিত ডাব্লিউএসআইএস সম্মেলনে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম গঠন করে জাতিসংঘ। বাংলাদেশ থেকে এর আগে ২০১১ সালে তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হুদা খান এ গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সুমন আহমেদ সাবির এই গ্রুপের সদস্য হওয়ার মাধ্যমে ইন্টারনেট সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন পলিসি ও টেকনিক্যাল অপারেশনাল ইসু নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে বিডিনগের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি সাবিরের এই নতুন দায়িত্ব বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন ও নীতি প্রণয়নে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।