হাঁটার সময় ‘টেক্সটিং’ নয়
এক হাতে মোবাইল ফোন নিয়ে কাউকে টেক্সট লিখতে লিখতে হাঁটা, এমন দৃশ্য হয়তো আমরা প্রায়ই দেখি, কখনও নিজেরাও করি। কিন্তু এই ‘অভ্যাস’ হয়তো আর চালাতে পারবেন না মার্কিনিরা।
রাস্তায় হাঁটতে হাঁটতে ফোন ব্যবহার করতে দেখা গেলে করা হতে পারে জরিমানা, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একজন রাজনীতিবিদ এমনই একটি বিল পাস করার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
নিউ জার্সির জনপ্রতিনিধি পামেলা ল্যাম্পিট বিশ্বাস করেন, হাঁটতে হাঁটতে মোবাইলে টেক্সটিং করা নিষিদ্ধ করা উচিৎ যতক্ষণ না ডিভাইসটি 'হ্যান্ডস-ফ্রি' অবস্থায় থাকছে। তিনি আইন লঙ্ঘনকারীদেরকে ৫০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা বা ১৫ দিনের জেল অথবা উভয় শাস্তির বিধান করার জন্য পরামর্শ দেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ম না মেনে রাস্তায় হাঁটাচলা বা 'জেওয়াকিং'-এর জন্য এই শাস্তির বিধান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পথচারীদের মৃত্যুর হার সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছেই এবং পথচারীদের মারাত্মক আহত হওয়ার হারও বাড়ছে। ২০০৫ সালে থাকা ১১ শতাংশ থেকে ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।
ল্যাম্পিট বলেন, “অমনোযোগী পথচারী এবং অমনোযোগী গাড়ি চালকরাও অন্য পথচারী এবং গাড়িচালকদের জন্য সম্ভাব্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।” তিনি আরো বলেন, “মোবাইল ফোনের জন্য অমনোযোগী পথচারী জেওয়াকিংয়ের মতোই গাড়িচালকদের জন্য বিপদের কারণ, এবং তাদের অন্তত জেওয়াকিংয়ের সমান শাস্তির বিধান থাকা উচিৎ।”
অন্যান্য অঙ্গরাজ্যও এই ব্যাপারে সমাধানে আসার চেষ্টা করছে। হাওয়াই রাজ্যে কোনো ডিভাইস ব্যবহার করতে করতে রাস্তায় হাঁটার শাস্তি হিসাবে ২৫০ মার্কিন ডলার জরিমানা সংক্রান্ত একটি বিল মুলতবি অবস্থায় রয়েছে।
