২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহু!র অংশ কেনার সুযোগ ১১ এপ্রিল পর্যন্ত

বর্তমান সময়টা ভালো যাচ্ছেনা এক সময়ের ইন্টারনেট জায়ান্ট ইয়াহু!র। অনেকটা কোনঠাসা হয়েই তাদের মূল ব্যবসার কিছু অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেয় মার্কিন এই প্রতিষ্ঠানটি। ব্যবসা বেচতে ইতোমধ্যেই ফেব্রুয়ারিতে প্রস্তাব আহবান করেছে ইয়াহু!। এবার এবছরেরই ১১ এপ্রিল প্রাথমিক পর্যায়ের প্রস্তাব প্রদানের শেষ তারিখ বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 06:47 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানের ওয়েব ব্যবসা এবং এশিয়ান সম্পত্তি কিনতে প্রস্তাব আহবানের শেষ সময় দেয়া হয়েছে ১১ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্রস্তাবকারীকে তাদের শর্ত জানিয়ে অর্থায়নের বিস্তারিত তথ্য দিতে ইয়াহু! চিঠি দিয়েছে। প্রস্তাবকারীর বিস্তারিত তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলেই কেবল তার কাছে ব্যবসা বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

এপ্রিলে প্রস্তাব আহবানের শেষ তারিখ বেঁধে দেওয়ায় ধারণা করা হচ্ছে জুন অথবা জুলাই মাসেই নতুন চুক্তি করতে পারে প্রতিষ্ঠানটি। তবে এবিষয়ে নিয়মিত ব্যবসায়িক সময়ের বাইরে তাৎক্ষণিক কোন বক্তব্য জানায়নি প্রতিষ্ঠানটি।

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের সঙ্গে নিজের ব্যবসায়িক অংশ গুটিয়ে নেওয়ার পরিকল্পনার পরই তাদের মূল ব্যবসা বিক্রির জন্য প্রস্তাব আহবান করে ইয়াহু!।

ইয়াহু!র ব্যবসা কিনতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে বেশকিছু প্রতিষ্ঠান। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ভেরাইজন এবং প্রকাশনা প্রতিষ্ঠান টাইম ক্রেতাদের সম্ভাব্য তালিকায় থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ছাড়াও বেশকিছু ব্যাক্তিগত প্রতিষ্ঠান প্রস্তাব দেওয়ার জন্য দলগঠন করছে বলেও জানিয়েছে রয়টার্স।