ঘুম পাড়াবে আইফোনের ‘নাইট শিফট’
চলতি সপ্তাহে আইফোনের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ৯.৩-এর জন্য 'নাইট শিফট' নামের নতুন একটি অপশন এনেছে টেক জায়ান্ট অ্যাপল। এর সাহায্যে রাতের বেলা ফোন ব্যবহারের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি অনেকাংশেই কমে আসবে বলে দাবী করছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের উজ্জ্বল ব্যাক-লিট ডিসপ্লে থেকে আসা নীল আলোর কারণে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। ফোনের স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে ঘুমের অভাব দেখা দিতে পারে, যা পরবর্তীতে স্থূলতা ও হৃৎপিণ্ড সম্পর্কিত জটিলতায় রূপ নিতে পারে।
সিএনএন জানিয়েছে, নাইট শিফট আইফোন বা আইপ্যাডের স্ক্রিনের রঙ বর্ণালীতে উষ্ণতর রঙে পরিবর্তিত করবে। এর ফলে ফোনের স্ক্রিন থেকে নীল আলোর নিঃসরণ হ্রাস পাবে। এ ছাড়াও স্ক্রিনের উজ্জ্বলতা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করার মাধ্যমে মেলাটোনিন উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব হ্রাস করা যাবে।
আরেক টেক জায়ান্ট গুগল তাদের পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি বিল্ট-ইন নাইট মোড নিয়ে কাজ করছে।
গবেষকেরা এখনও পর্যন্ত এ ধরনের সেটিং-এর কার্যকারিতা নিশ্চিত করেননি। তবে রেনসেলার পলিটেকনিক ইন্সটিটিউট-এর গবেষক ড. মারিয়ানা ফিগুয়েইরো জানান, তিনি একই ধরনের কয়েকটি অ্যাপের প্রভাবের ওপর কিছু গবেষণা চালিয়েছেন।
তিনি বলেন, “এই ধারণাটি ভালোই, তবে এ ব্যাপারটি শুধু রঙের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তীব্রতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আলোর রঙের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তীব্রতাও কমিয়ে আনতে হবে।” তবে “এসব অপশন একেবারে কিছুই না থাকার চেয়ে ভালো” বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়াও ফিগুয়েইরো পোলারিটি পরিবর্তনের মাধ্যমে স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা লেখা ব্যবহার এবং রাতে ফোন ব্যবহারের সময় স্ক্রিন থেকে চোখে আলো পৌঁছানো কমাতে চোখ থেকে যথেষ্ট দূরে ফোন রেখে ব্যবহারের পরামর্শ দেন।
