২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন আকাশে বাড়ছে ড্রোন

মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষণীয় হারে বাড়ছে ড্রোনের ব্যবহার। ২০২০ সালের মধ্যে আনুমানিক ৭০ লাখ ড্রোন যুক্তরাষ্ট্রের আকাশে উড়বে বলে ধারণা করছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

বর্তমানে সময়ে যুক্তরাষ্ট্রে যতো ড্রোন ব্যবহার হচ্ছে আগামী কয়েক বছরে তা ৩ গুন হবে। আর এর মধ্যে ব্যবসায়িক এবং সৌখিন দুই ধরনের ড্রোনই রয়েছে বলে জানিয়েছে এফএএ। চলতি বছরের ২৪ মার্চ প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়, “এভিয়েশন খাতে জনহীন এয়ারক্রাফট সিস্টেম চালনা সবচেয়ে গতিশীল প্রবৃদ্ধি।” ওই প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালের শেষে যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ লাখ ড্রোন ব্যবহৃত হবে বলে জানিয়েছে, মার্কিন সংবাদ সাইট ইয়াহু! নিউজ।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশটিতে অসামরিক ড্রোনের ব্যবহার নির্ভর করবে ভবিষ্যৎ নীতিমালার উপর। গত বছরের ডিসেম্বরেই ছোট আকারের ড্রোনের জন্য নীতিমালা তৈরি করে এফএএ। ওই নীতিমালা অনুযায়ী ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামসহ ২৫০ গ্রামের বেশি বা ২৫ কিলোগ্রামের কম ওজনের ড্রোন নিবন্ধনের জন্য বলা হয়। এই বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “এই নিবন্ধন নিয়ম তদন্ত কাজে এবং তথ্য জোগাড় করতে সহায়তা করবে।”

২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সৌখিন ড্রোনের সংখ্যা ১৯ লাখ থেকে ৪৩ লাখে পৌঁছাবে। আর সেক্ষেত্রে ব্যবসায়িক ড্রোনের সংখ্যা ৬ লাখ থেকে ২৭ লাখ হবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়। ওই সময়ে ৯০ শতাংশ ড্রোনের গড় মূল্য হবে ২ হাজার ৫শ মার্কিন ডলার এবং সবচেয়ে দামী মডেলের দাম হতে পারে ৪০ হাজার ডলার।

এমাসেই ড্রোন ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন করার কথাও জানিয়েছে এফএএ।