২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মী ছাঁটাইয়ে আল জাজিরা

প্রতিষ্ঠানের ১০ শতাংশের বেশি বা প্রায় পাঁচশ’ কর্মী ছাটাই করতে যাচ্ছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। বিশ্বব্যাপী তেল আর প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায়, উপসাগরীয় অঞ্চলের উপর আর্থিক চাপের মুখে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। চলতি বছরের ২৭ মার্চ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

ছাঁটাই হওয়া কর্মীর বেশিরভাগই দোহায় অবস্থিত আল জাজিরা সদর দপ্তরে কর্মরত ছিলেন। এই ছাঁটাইয়ের আগে প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৪ হাজার।

এ বিষয়ে আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তেফা সোওয়াগ বলেন, "বৈশ্বিক মিডিয়া খাতে নিজেদের অবস্থান ধরে রাখতেই কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন পড়েছে।"

১৯৯৬ সালে প্রথম চালু হয় আল জাজিরা। চালু হওয়ার পর থেকেই উন্মুক্ত প্রচারণা এবং কাটছাঁট ছাড়া বিতর্ক প্রকাশ করে আরবদেশে লাখো শ্রোতা পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি সিরিয়া, লিবিয়া এবং অনান্য আরব দেশগুলোতেই প্রতিযোগিতার মুখে পড়েছে আল জাজিরা, জানিয়েছে রয়টার্স।

এ বছরের জানুয়ারিতে আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কেবল নিউজ আউটলেট বন্ধ করে দেওয়া হতে পারে। খুব ভালোভাবে এটি চালু হওয়া স্বত্ত্বেও মার্কিন মিডিয়া বাজারে অর্থনৈতিক চাপে তিন বছরের মাথায় এটি বন্ধ করা হতে পারে বলেও জানিয়েছে রয়টার্স।

তেল, গ্যাস রাজস্ব খাতে খাওয়া ধাক্কা সামলাতে সরকারের প্রতিক্রিয়ায়, আল জাজিরা সর্বশেষ রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান,যাদেরকে কর্মী ছাটাঁই করতে হচ্ছে। জানুয়ারিতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান হামাদ মেডিক্যাল কর্পোরেশন শতাধিক কর্মী ছাটাঁই করে।