২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট আবেদন বাড়ছে এশিয়ায়

২০১৫ সালে সর্বমোট ৫৭,৩৮৫ টি আন্তর্জাতিক পেটেন্ট এর জন্য আবেদন করে এবারও পেটেন্ট ফাইলিং এ শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)-এর বরাত দিয়ে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০১৫ সালে বার্ষিক হিসাবে পেটেন্ট কো-অপারেশন ট্রিটি (পিসিটি) ৬.৭ শতাংশ কমে গেলেও দেশটি এখনো সর্ববৃহৎ পিসিটি ব্যবহারকারীর অবস্থানে রয়েছে।

৪৪,২৩৫ টি পেটেন্ট ফাইলিং নিয়ে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানেই রয়েছে জাপান এবং ২৯,৮৪৬ নিয়ে চীন রয়েছে তৃতীয় অবস্থানে। পেটেন্ট ফাইলিংয়ে সামগ্রিক প্রবৃদ্ধি ঘটিয়েছে প্রধানত চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। যার ফলে, এশিয়া থেকে এবার ২০০৫ সালের পর করা সব পিসিটি আবেদনের তুলনায় দ্বিগুণেরও বেশি আবেদন করা হয়েছে। এবার মোট পেটেন্ট আবেদনের ৪৩ শতাংশই এসেছে এশিয়া থেকে।

শীর্ষ ১৫ দেশের মধ্যে চোখে পড়ার মতো প্রবৃদ্ধি ঘটেছে চীন (+১৬.৮%), দক্ষিণ কোরিয়া (+১১.৫%), ইজরাইল (+৭.৪%), সুইজারল্যান্ড (+৪.৪%), জাপান (+৪.৪%) এবং নেদারল্যান্ডস (+৩.৬%)-এর ক্ষেত্রে। ২০১৫ সালের তুলনায় ফিনল্যান্ড এবং কানাডা-এর পেটেন্ট ফাইলিংয়ের হার কমে গেছে যথাক্রমে ১২.১ শতাংশ ও ৭.২ শতাংশ।

ডব্লিউআইপিও-এর অধীনে আন্তর্জাতিক পেটেন্ট আবেদন ২০১৫ সালে ১.৭ শতাংশ বেড়ে ২,১৮,০০০-এ দাঁড়িয়েছে, যা নতুন বার্ষিক রেকর্ড সৃষ্টি করেছে। শেষ ৩৮ বছর ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক আবিষ্কারকরা সবচেয়ে বেশি পেটেন্ট আবেদন করে এলেও পেটেন্ট ফাইলিংয়ে চীনভিত্তিক আবিষ্কারকদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এতো বেশি সামগ্রিক প্রবৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছে।

২০১৫ সালে পিসিটি ফাইলিংয়ে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোই তালিকার শীর্ষে রয়েছে। টানা দ্বিতীয়বারের মতো ৩,৮৯৮টি প্রকাশিত পিসিটি আবেদন নিয়ে সবার শীর্ষে রয়েছে চীনভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ২,৪৪২টি প্রকাশিত আবেদন নিয়ে দ্বিতীয় এবং চীনভিত্তিক প্রতিষ্ঠান জিটিই কর্পোরেশন ২,১৫৫টি প্রকাশিত পেটেন্ট আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

পেটেন্ট আবেদনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ দশ শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ২৬১টি প্রকাশিত আবেদন নিয়ে শীর্ষে রয়েছে। এরপরেই ২১৩টি আবেদন নিয়ে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর রয়েছে যথাক্রমে জন্স হপকিন্স ইউনিভার্সিটি (১৭০), ইউনিভার্সিটি অফ টেক্সাস সিস্টেম (১৬৩) এবং হার্ভার্ড ইউনিভার্সিটি (১৫৮)। চীনের সিনহুয়া ইউনিভার্সিটি অষ্টম এবং জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও রয়েছে নবম অবস্থানে।