২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক গ্রুপেই ফেইসবুকের বৈঠক

ফেইসবুক কার্যালয়ে কর্মীদের কাছে শুক্রবার বিকাল মানে হচ্ছে, প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

প্রত্যেক শুক্রবার সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের প্রধান মার্ক জাকারবার্গ আর তার কার্যনির্বাহীরা সব ফেইসবুক কর্মীর জন্য একটি বৈঠকের ব্যবস্থা করেন। এই বৈঠকে কর্মীদের মন খুলে যে কোনো প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হয়।

এখানে ফেইসবুকাররা সাংস্কৃতিক, পণ্যের বিবরণ, মাছ ধরার মতো সাধারণ কোনো বিষয় বা জাকারবার্গের কাছ থেকে নেতৃত্ব বিষয়ে নানা উপদেশ নিতে প্রশ্ন করতে পারেন।

অনেকগুলো প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া হয়ে থাকে, এ কারণে বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই একটি গ্রুপের পোলিং ফিচার ব্যবহার করে প্রশ্নগুলো জমা দিয়ে দিতে হয়। এটি হচ্ছে একটি বড় আকারের ফেইসবুক গ্রুপ, যেখানে উপর থেকে নিচ পর্যন্ত ফেইসবুকের সব কর্মীরা রয়েছেন আর এখানে সব ধরনের প্রাতিষ্ঠানিক মেমো পোস্ট করা হয়।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর মতে, এটি একটি মজার বিষয় যে, ফেইসবুক কর্মীরা প্রতিষ্ঠানের সব কাজের জন্য মেসেঞ্জার, গ্রুপস আর জিফ-এর মতো ফেইসবুক টুলগুলো ব্যবহার করে থাকেন।

ফেইসবুকের মানব সম্পদ বিভাগ-এর পরিচালক লরি গোলার জানান, এই ধরনের টুলগুলো অনেক গুরুত্বপূর্ণ কেননা কর্মীদের জন্য প্রশ্ন করা আরও সহজ করে তোলে। কিছু প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করাটা অস্বস্তিপূর্ণ হতে পারে বলে মত দেন তিনি।

‘পোল’ টুল কর্মীদের পরিচয় গোপন রেখে যে কোনো প্রশ্ন করতে সহায়তা করে। আর এর মাধ্যমে কোন প্রশ্নটি সবচেয়ে জরুরি, সে সিদ্ধান্তও নেওয়া হয়।