অংশ বেচছে ডেল
নিজেদের ব্যবসার একটি অংশ বিক্রি করে দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জাপানের এনটিটি ডেটা কর্পোরেশন-এর কাছে নিজেদের নন-কোর তথ্যপ্রযুক্তি পরামর্শদান বিভাগ সাড়ে তিনশ’ কোটি ডলারের বিনিময়ে বিক্রির ঘোষণা দিতে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই চুক্তি এখনও পর্যন্ত দাপ্তরিকভাবে অনুমোদিত হয়নি, কোনো ধরনের চুক্তির ঘোষণা, টোকিওতে প্রতিষ্ঠানদুটির মধ্যে বৈঠকের পর এনটিটি ডেটা বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে আসবে।
এর ফলে ডেটা স্টোরেজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইএমসি কর্পোরেশন-এর কাছে থাকা ৪ হাজার ৩শ’ কোটি ডলার ঋণের কিছু অংশ ছেটে ফেলতে পারবে ডেল। একটি চুক্তি অনুযায়ী ইএমসি-এর কাছে ডেল-এর ৬ হাজার কোটি ডলারের ঋণ রয়েছে।
এ ছাড়াও এই চুক্তির ফলে এনটিটি ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানকে আরও পাকাপোক্ত করতে পারবে। বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবামূলক প্রযুক্তি, বীমা এবং অর্থনীতি সম্পর্কিত পরামর্শসেবা প্রসারের চেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ডেল তাতে অনীহা প্রকাশ করে এবং এনটিটি ডেটা-এর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
২০১৫ সালের অক্টোবর মাসে ৬ হাজার ৭শ’ কোটি ডলার মূল্যে ইএমসি কিনে নেওয়ার ঘোষণা দেয় ডেল।
সে সময় ২০১৬ সালের মে থেকে অক্টোবরের মধ্যে এই লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা প্রকাশ করা হয়। তখন দুই প্রতিষ্ঠান এক হওয়ার পর ডেল প্রথম ১৮ থেকে ২৪ মাস ইএমসির ঋণ পরিশোধেই মনোযোগ দেবে বলেই জানা যায়।
