২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন হয়ে যাবে থ্রিডি প্রিন্টার

এখন যে কেউ সহজেই তার স্মার্টফোনকে থ্রিডি প্রিন্টারে পরিণত করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম কিক স্টার্টার এমন এক ডিভাইস বাজারে আনতে সহায়তা করেছে যা একটি স্মার্টফোনকে থ্রিডি প্রিন্টারে রূপান্তর করতে সক্ষম। ‘ওলো’ নামের বহনযোগ্য ওই ডিভাইসটি দিয়ে স্মার্টফোনের টাচস্ক্রিনের লাইট ব্যবহার করে থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে প্লাস্টিকের বস্তু তৈরি করা যাবে।

ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, স্মার্টফোনকে থ্রিডি প্রিন্টার হিসেবে ব্যবহারে সহায়তা করা এই গেজেটটি ব্যাটারিচালিত। এর ভরও অনেক কম, মাত্র ৭৮০ গ্রাম।

‘ওলো’ নামের এই ডিভাইসটি তিনটি অংশ নিয়ে তৈরি করা হয়েছে। অংশ তিনটির মধ্যে একটি অংশে একটি আধার রাখা আছে, যা ৪০০ কিউবিক সেন্টিমিটার প্রিন্টিং ভলিউম ধারণ করতে সক্ষম। দ্বিতীয় অংশে রয়েছে ১০০ গ্রামের রঙিন ফটোপলিমার রেজিনের একটি বোতল যা প্রিন্টারে বিভিন্ন বস্তু তৈরিতে সহায়তা করে। তৃতীয় অংশটি হল একটি যান্ত্রিক ঢাকনা, এর নিচে প্রিন্টারের বস্তু তৈরি করার প্লেট নিয়ন্ত্রক ইলেকট্রনিক্সগুলোর রাখা হয়।

কিকস্টারটার সাইট থেকে জানা গেছে, এই ডিভাইসটি যে কোনো ব্র্যান্ডের যে কোনো আয়তনের ডিসপ্লের স্মার্টফোনের জন্য প্রযোজ্য। এমনকি ৫.৫ ইঞ্চির বড় ডিসপ্লে যেমন আইফোন ৬এস এবং গ্যালাক্সি এ৭ এর জন্যও প্রযোজ্য।

সাধারণত শুধু থ্রিডি প্রিন্টারের দাম হয় একশ' ডলার। কিন্তু ‘ওলো’ এর পুরো প্যাকেজটি কেনা যাবে মাত্র ৯৯ ডলারে। এই প্যাকেজের মূল্যে ‘এত কম হওয়ার’ কারণে বাজারে আসার মাত্র চার দিনের মধ্যেই নির্মাতা প্রতিষ্ঠানটি প্রায় ৮ লাখ ডলার আয় করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার ওয়ার্ল্ড।