ইয়াহু কিনবে মাইক্রোসফট?
ধুঁকতে থাকা ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু কিনতে আগ্রহী সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মাইক্রোসফটের আর্থিকভাবে অংশ নেওয়ার প্রসঙ্গে আলোচনাই এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। তবে, এ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে জানিয়েছে রয়টার্স। মাইক্রোসফট এবং ইয়াহু-এর মধ্যে সার্চ ও বিজ্ঞাপনের বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বলে জানায় সংবাদ সংস্থাটি।
ইয়াহু কিনতে আগ্রহী প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে মাইক্রোসফট-এর সঙ্গে যোগাযোগ করেছে বলে ঐ ব্যক্তি জানিয়েছেন। তবে, এ নিয়ে মাইক্রোসফট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড তাদের প্রতিবেদনে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মাইক্রোসফট-এর বৈঠকের কথা উল্লেখ করে।
গুগল ও ফেইসবুক-এর সঙ্গে অনলাইন বিজ্ঞাপনদাতা আকর্ষণের লড়াইয়ে ধুঁকতে থাকা এক সময়কার ইন্টারনেট জায়ান্ট ইয়াহু, ফেব্রুয়ারিতে তাদের সার্চ, মেইল ও নিউজ সাইটসহ মূল ইন্টারনেট ব্যবসা বিক্রির জন্য ক্রেতা খুঁজতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভ্যারাইজন-এর প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা ফ্র্যান শ্যাম্মো ২০১৫ সালের ডিসেম্বরে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে তারা ইয়াহু কেনার বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
২০০৮ সালে মাইক্রোসফট-এর তৎকালীন সিইও স্টিভ বালমার সাড়ে চার হাজার কোটি ডলারের বিনিময়ে ইয়াহু কিনতে ব্যর্থ হবার প্রায় এক দশক পর প্রতিষ্ঠানটি কেনার প্রক্রিয়ায় এটি মাইক্রোসফট-এর দ্বিতীয় প্রচেষ্টা।
