বেড়েছে বৈশ্বিক ইন্টারনেট স্পিড
গত বছরের শেষ প্রান্তিকে বৈশ্বিক গড় ইন্টারনেট গতি ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৬ এমবিপিএস। ২০১৪ সালের শেষ প্রান্তিকের সঙ্গে তুলনা করেই ২৩ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে শীর্ষস্থানীয় নেটওয়ার্ক ডেলিভারী প্রতিষ্ঠান আকামাই টেকনোলোজিস।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক প্রান্তিক থেকে আরেক প্রান্তিকে বৈশ্বিক গড় ইন্টারনেট গতি বেড়েছে ৮.৬ শতাংশ আর বছর থেকে বছরে গড় গতি বেড়েছে ২৩ শতাংশ। অপর দিকে এক প্রান্তিক থেকে আরেক প্রান্তিকে বৈশ্বিক গড় পিক আওয়ার ইন্টারনেট গতি বেড়েছে ১ শতাংশ এবং বছর থেকে বছরে পিক আওয়ার গতি ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫ এমবিপিএস।
এশিয়া মহাদেশে দক্ষিণ কোরিয়ার গড় ইন্টারনেট গতি সবচেয়ে বেশি। দেশটিতে ইন্টারনেটে গড় গতি ২৬.৭ এমবিপিএস। আর ভারতে গতি সব থেকে কম, ২.৮ এমবিপিএস, বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ওই প্রতিবেদনের সম্পাদক ডেভিড বেলসন বলেন, "এই প্রান্তিকে (২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর)-এ এশিয়া মহাদেশে বছর থেকে বছরে ইন্টারনেট গতি বৃদ্ধির হার অনেক ভালো।"
দক্ষিণ কোরিয়া এবং ম্যাকাও-তে পিক আওয়ার সংযোগে গতি বেড়েছে যথাক্রমে ১০ শতাংশ এবং ১৩ শতাংশ। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় নরওয়ে এবং ডেনমার্কে বছরের হিসাবে গতি বৃদ্ধির পরিমাণ বেশ ভাল।
মোবাইল সংযোগ গতির দিক থেকে ব্রিটেন সবার থেকে এগিয়ে রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশটিতে মোবাইল সংযোগ গতি ২৬.৮ এমবিপিএস। আর দ্বিতীয় স্থানে থাকা স্পেনের মোবাইল সংযোগ গতি ১৪ এমবিপিএস। এক্ষেত্রে সবথেকে পিছিয়ে রয়েছে ইরান। দেশটিতে মোবাইল ইন্টারনেট গতি ১.৩ এমবিপিএস। আর ভিয়েতনামের গড় ইন্টারনেট সংযোগ গতি ১.৮ এমবিপিএস।
