২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ব্যবসার পরীক্ষাগার: উবার প্রধান

প্রতি বছর প্রধান ৩০টি শহর থেকেই শতকোটি ডলারের বেশি লাভ করছে মোবাইল অ্যাপে যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান উবার টেকনোলজি। এর কিছু অংশ তারা প্রতিষ্ঠানটি চীনে বাজার সম্প্রসারণে ব্যয় করছে বলে এক সাক্ষাতকারে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ট্র্যাভিস কালানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

কালানিক জানান, চীন প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় বাজার, আর একইসঙ্গে নতুন ধারণার জন্য পরীক্ষাগার। তিনি আরও বলেন, এই নতুন ধারণাগুলো পরবর্তীতে অন্যান্য বাজারে কার্যকর করা হয়েছে, এবং চীনে প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থিতিশীল ও সুফলবাহী হচ্ছে।

ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, চীনের সরগরম এই বাজারেও স্থানীয় বাধ্যবাধকতার শিকার হয়ে বছরে শতকোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছিল প্রতিষ্ঠানটি।

উবার এবং চীনের ডিডি কোয়াইদি, চীনের টেক জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ও আলিবাবা হোল্ডিংস লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় চীনের রাইড-হেইলিং বাজারে শক্ত ভিত পাওয়ার উদ্দেশ্যে ভাড়ায় ভর্তুকির পেছনে প্রচুর ব্যয় করেছে। এতে তাদের বাজি ছিলো চীনের ইন্টারনেটভিত্তিক পরিবহন বাজার বিশ্বের অন্য সব পরিবহন বাজারকে ছাড়িয়ে যাবে।

আপাতদৃষ্টিতে এই কৌশলের ফলাফল উবার-এর পক্ষে আসছে। কালানিক জানান, চীনে প্রতিষ্ঠানটির পুঁজিবাজার দর ২০১৫ সালের জানুয়ারি থেকে শতকরা এক থেকে দুই শতাংশ বেড়ে বর্তমানে প্রায় ৩০ শতাংশে এসে দাঁড়িয়েছে।

চীনের পরিবহনমন্ত্রী এ মাসের শুরুতে জানান, রাইড-হেইলিং প্রতিষ্ঠানগুলোর মাসিক ভাড়ায় ভর্তুকি এবং গাড়িচালকের বেতন সম্পূরণের ব্যাপারটি প্রতিযোগিতার জন্য অন্যায্য এবং দীর্ঘমেয়াদে অস্থিতিশীল।

এ প্রসংগে বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশের বোআও ফোরামে কালানিক বলেন, “আমাদের প্রধান ৩০টি শহরের বিবেচনায়, বর্তমানে আমাদের শতকোটি ডলারেরও বেশি লাভ হচ্ছে। আর প্রতি বছরই এ লাভ কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা বেড়ে উঠছি।” এ ছাড়াও উবার চালু আছে এমন অন্যান্য শহরেও উবার লাভের মুখ দেখছে বলে জানান তিনি।

তিনি বলেন, “এর ফলেই আমরা চীনে আমাদের প্রচেষ্টায় স্থিতিশীলভাবে বিনিয়োগ করতে পারি...সারা বিশ্বে যে পরিমাণ লাভ হয় তাতে আমরা দীর্ঘমেয়াদে তা চালিয়ে যেতে পারি।”

স্যান ফ্রানসিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি চীনেই প্রথম তাদের নতুন পণ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করে বলে জানান কালানিক। উদাহরণ হিসেবে তিনি কারপুলিং অ্যাপ উবারকমিউট-এর কথা উল্লেখ করেন। এই অ্যাপটি ২০১৫ সালের সেপ্টেম্বরে চেংদু-তে প্রথম চালু হয় এবং এরপর অন্যান্য জায়গায় বিস্তার লাভ করে।

কালানিক বলেন, “চীনে (আমাদের) মূল চাবিকাঠি হলো দ্রুত পদক্ষেপ নেওয়া।” চীনের রাইড-হেইলিং বাজারে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার দিকে ইংগিত করে তিনি বলেন, “যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমে কিছু চালু করি এবং তা চীনে অনুকরণ করা হয়, তবে আমরা পিছিয়ে পড়বো। তাই আমরা আমাদের কিছু নতুন পরিকল্পনার উদ্বোধন সর্বপ্রথম চীনেই শুরু করছি।”

উবার-এর সর্বশেষ ফান্ডিং রাউন্ডে শতকোটি ডলারেরও বেশি উঠার পর চীনে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূল্য জানুয়ারিতে ৮০০ কোটি ডলারেরও বেশি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কালানিক জানান, চীনে এ পর্যন্ত উবারকে বড় ধরনের কোনো নিয়মতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হয়নি। চীন সরকার দীর্ঘদিন ধরেই পরিবহন ক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করছিলো, এবং তাতে উবারের সফলতাই এর সম্ভাব্য কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উবার কবে নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে লাভের মুখ দেখা শুরু করতে পারে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তবে এতে চ্যালেঞ্জের মোকাবেলা করার ব্যাপারটি ভালোই উপভোগ করছেন বলে জানান তিনি।

“অসম্ভবকে সম্ভব করতে চেষ্টা করি আমরা। কোনো উদ্দেশ্য সফল করার চেষ্টায় ঝুঁকি নেওয়াই আমাদের কাজ”, বলেন তিনি।