চ্যাটবট-এর অশালীনতা, ক্ষমাপ্রার্থী মাইক্রোসফট
একজন কিশোরীর কণ্ঠ অনুকরণ করে কথা বলার জন্য একটি টুইটার চ্যাটবট তৈরি করে মাইক্রোসফট। এর থেকে বের হওয়া বর্ণবাদী এবং যৌনতাবিষয়ক টুইটগুলোর জন্য ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছে মাইক্রোসফট।
স্কাই নিউজ জানায়, ‘টায়’ নামের এই চ্যাটবটকে একদল ‘দুষ্ট’ টুইটার ব্যবহহারকারী বেশ কিছু ইহুদীবিদ্বেষী এবং আক্রমণাত্মক কথাবার্তা শিখিয়ে দেয়। যার ফলে ঘটে এমন ঘটনা। চালু করার একদিনের মাথায়ই সরিয়ে নেওয়া হয়েছে চ্যাটবটটি।
এক প্রতিক্রিয়ায় এর টুইট ছিলো “নারীবাদ ক্যান্সারের মতো”। এটি আরো প্রতিউত্তর দেয়, ইহুদিনিধন ঘটেনি এবং “৯/১১ বুশ ঘটিয়েছে”। আরেকটি বার্তায় এটি বলে, “আমাদের বর্তমান যে বাঁদরটি আছে, তার থেকে হিটলার আরো ভালো কাজ করতো।”
মাইক্রোসফটের একজন কার্যনির্বাহী একটি অফিশিয়াল ব্লগ পোস্টে লেখেন, “আমরা যদিও বিভিন্ন ধরনের কটুক্তির ব্যাপারে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমরা এই নির্দিষ্ট আক্রমণের ক্ষেত্রে বেশ জটিল ভুল করে ফেলেছি। যার ফলে, টায় বেপরোয়াভাবে অসঙ্গতিপূর্ণ ও নিন্দনীয় কথা ও ছবি টুইট করে গেছে। আমরা যথাসময়ে এই আশংকাটি না দেখার জন্য সম্পূর্ণভাবে দায়ী।”
মাইক্রোসফটের গবেষণা বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার লি বলেন, “মাইক্রোসফট টায়কে কেবল তখনই ফিরিয়ে আনবে, যখন আমরা আত্মবিশ্বাসী হবো যে আমরা আরো ভালোভাবে আমাদের মূলনীতি ও মূল্যবোধের সঙ্গে বিরোধপূর্ণ দুরভিসন্ধিগুলো আঁচ করতে পারবো।”
‘কলঙ্কজনক’ এ পরীক্ষাটি মাইক্রোসফটের জন্য বিব্রতকর হয়ে দাঁড়াতে পারে। ক্রিস হ্যামন্ড নামের একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ বলেন, “আমি বিশ্বাস করতে পারিনা তারা (মাইক্রোসফট) এটা খেয়াল করেনি।”
অন্য একটি প্রতিষ্ঠানের জন্য চ্যাটবট প্রস্তুতকারী ক্যারোলিন সিন্ডার্স টায় কে “বাজে কলাকৌশলের একটি উদাহরণ” বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি আরো বলেন, ‘চ্যাটবটকে যা বলা হচ্ছিলো তাই শিখছিলো, এর নিয়মিত রক্ষণাবেক্ষণ বেশ গুরুত্বপূর্ণ হবে।’
আপাতত পিছিয়ে এলেও মি. লি জানান, প্রতিষ্ঠানটি টায়-কে অল্পবয়স্ক টুইটার ব্যবহারকারী প্রতিরোধী করে তৈরি করতে পরিকল্পনা করেছে।
