২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ৯.৩ আপডেটে বিপাকে অ্যাপল

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইওএস ৯.৩ আপডেট নিয়ে বিপাকে পড়েছেন অ্যাপল ভক্তরা। নতুন এই আপডেটে বহু আইফোন, আইপ্যাড লক হয়ে গিয়েছে বলে অভিযোগ আসে। এই সমস্যার সমাধান করতেই নতুন পদক্ষেপ নিয়েছে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

চলতি বছরের ২১ মার্চ অনুষ্ঠিত 'স্পেশাল অ্যাপল ইভেন্ট'-এ উন্মোচন করা হয় অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ৯.৩। কিন্তু নতুন এই আপডেটই বিপাকের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাপল ভক্তদের কাছে। বেশ কিছু পুরনো সংস্করণে নতুন এই আপডেট ইনস্টল করার পর, ফোনটি সেট আপ করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হয়। এক্ষেত্রে যারা আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের ফোন লক হয়ে যায় এবং তা আর ব্যবহার উপযোগী থাকে না।

লক হওয়ার পাশাপাশি এমন আরও অনেক অভিযোগ পাওয়া যায় যে, নতুন আপডেট ইনস্টল করার ফলে তাদের আইফোন এবং ট্যাবলেট 'ব্রিক' হয়ে গিয়েছে। আর এই সমস্যার কারণে এসব ডিভাইসে কোন কিছু ডাউনলোড করা যাচ্ছে না বলেও জানা যায়। রয়টার্স জানিয়েছে, এ সব গ্রাহকের কথা চিন্তা করেই এই সমস্যার সমাধানে নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

এ বিষয়ে অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়, "কিছু ক্ষেত্রে গ্রাহক যদি তার পাসওয়ার্ড মনে করতে না পারেন, তবে পাসওয়ার্ড রিসেট না করা পর্যন্ত তাদের ফোনটি অ্যাক্টিভেট হবে না। এসব পুরনো ডিভাইসগুলোর জন্য আমরা সাময়িকভাবে এই আপডেট তুলে নিচ্ছি এবং কিছুদিনের মধ্যেই আইওএস ৯.৩ এর নতুন সংস্করণ আনা হবে, যেখানে এই আইডি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না।”

আপাতত এসব ভোক্তাদের অ্যাক্টিভেশন লক খুলতে আইক্লাউড অ্যাকাউন্টে সাইন ইন করে ‘ফাইন্ড মাই ফোন’ ফাংশন অথবা কম্পিউটারে আইটিউনসের মাধ্যমে বর্তমান অ্যাপল আইডি দিয়ে লগ ইন করে লক খোলার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে, সেক্ষেত্রে যেসব গ্রাহকের অ্যাকাউন্ট ডিভাইসের সঙ্গে লিংক করা নেই তাদের জন্য সমস্যা থেকেই যাচ্ছে।

শুধু আইফোন ৫এস আর এর আগের আইফোন এবং আইপ্যাড এয়ার ডিভাইসগুলোতেই এই সমস্যা দেখা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।