২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে অ্যামাজন, দুশ্চিন্তায় ডিএইচএল

জার্মানির রাজধানী বার্লিনে ২ ঘন্টায় পণ্য ডেলিভারি সেবা চালু করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। চলতি বছরের মে মাসেই বার্লিনে নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই প্রতিষ্ঠানের গুদাম বানানোর জন্য বার্লিনের 'কুরফুয়েরস্টেন্ডাম' নামক ফ্যাশন হাউজের জায়গার অনুমতি চেয়েছে অ্যামাজন। এই গুদামে অ্যামাজনের ১০ হাজার পণ্য মজুদ করার কাজে ব্যবহার করা হবে বলেও জানানো হয়।

এ যাবৎ ডাচ পোস্ট সেবাদাতা প্রতিষ্ঠান ডিএইচএল এর মাধ্যমেই শহরটিতে পণ্য ডেলিভারি করে আসছিল অ্যামাজন। তাই অ্যামাজনের এমন উদ্যোগে দেশটিতে ব্যবসায়িক ঝুঁকিতে পড়তে পারে ডিএইচএল।

শুরুর দিকে রাজধানীতে যে সকল কুরিয়ার ফার্ম চালু রয়েছে তাদের মাধ্যমেই পণ্য ডেলিভারি করবে প্রতিষ্ঠানটি। শপ্তাহে ৬ দিন ২ শিফটে এই সেবা দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির সংবাদপত্র ওয়েল্ট।

এই বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, "এই মুহূর্তে এটি নিয়ে আমাদের কোনো ঘোষণা নেই।" আর এটি নিয়ে বিস্তারিত জানতে অ্যামাজনের সঙ্গে তাৎক্ষণিক কোনো যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

সম্প্রতি বেশ কিছু নতুন সেবা দিতে শুরু করেছে অ্যামাজন। প্রতিবছর ৯৯ মার্কিন ডলার প্রদানের মাধ্যমে প্রাইম লয়ালটি প্রোগ্রামের গ্রাহকদের ১ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতামূলক অনলাইন শপিং বাজারে তাদের অবস্থান আরও পাকাপোক্ত করতেই এমন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপুর্ণ শহরের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনেও এই সেবা প্রদান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।