বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এ৫ ও এ৭
সম্প্রতি দেশের বাজারে নতুন ডিজাইনের গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইস এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই নতুন গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইসগুলো গ্যালাক্সি এ সিরিজের ২০১৬ এডিশন হিসেবে পরিচিতি লাভ করেছে।
মেটাল এবং গ্লাসের তৈরি এ ডিভাইসগুলোতে রয়েছে ২.৭ মিলিমিটার বেজেল। নতুন গ্যালাক্সি এ৫ এবং এ৭ ২০১৬ এডিশনে রয়েছে যথাক্রমে ৫.২ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ডিভাইসগুলোর পুরুত্ব মাত্র ৭.৩ মিলিমিটার। ডিভাইসগুলোর অক্টা-কোর প্রসেসর আগের চেয়েও বেশি কার্যক্ষমতা দেবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এক বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ডিভাইসগুলো ৪জি এলটিই ক্যাট ৬ সমৃদ্ধ।
গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইসে রয়েছে এফ ১.৯ অ্যাপারচারসহ (১৩ মেগাপিক্সেল সামনের এবং ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা) কুইক লঞ্চ, উজ্জল ফটোগ্রাফি, ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্টসহ ক্যামেরা। ডিভাইসগুলোর ফিংগার প্রিন্ট স্ক্যানার এবং নক্স নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীকে সুরক্ষিত যোগাযোগের নিশ্চয়তা দিচ্ছে বলে দাবি নির্মাতাদের।
এ ২০১৬ এডিশনে ২,৯০০ মিলিঅ্যাম্পিয়ার (এ৫) এবং ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ার (এ৭) ব্যাটারি থাকছে। একই সঙ্গে ডিভাইস দুটিতে আরও থাকছে দ্রুত চার্জিং সুবিধা।
এ৫ ২০১৬ এডিশনের দাম ৩৯,৯০০ টাকা এবং এ৭ এর দাম পড়বে ৪৪,৯০০ টাকা। বাজারে এখন কালো এবং সোনালি এ দুটি রঙে এ৫ এবং এ৭ ডিভাইস পাওয়া যাচ্ছে। স্যামসাং-এর অনুমোদিত স্টোরগুলো থেকে ৬টি সহজ কিস্তিতে (ইএমআই) ডিভাইসগুলো কেনার সুবিধাও পাওয়া যাবে।
