২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে অকুলাস রিফট

বহু ঢাকঢোল পিটিয়ে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নিয়ে কার্যক্রম শুরুর চার বছর পর অবশেষে প্রথমবারের মতো ভোক্তার হাতে ডিভাইসটি পৌঁছে দিতে যাচ্ছে অকুলাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:20 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

সিএনএন জানিয়েছে, ২৮ মার্চ অকুলাস রিফট ক্রেতাদের হাতে এসে পৌছবে বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ব্রেন্ডান আইরিবে। প্রাথমিকভাবে ৬ জানুয়ারি থেকে শুরু করে যারা প্রি-অর্ডার করেছেন তাদের চাহিদা পূরণ করা হবে বলে জানায় অকুলাস। তবে প্রথমবার যারা প্রি-অর্ডার করায় সফল হননি তারা এই গ্রীষ্মেই বাজারে আসতে যাওয়া দ্বিতীয় চালানের জন্য প্রি-অর্ডার করতে পারবেন। তবে, প্রথম চালানে ঠিক কতটি ডিভাইস থাকছে তা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি।

৬০০ ডলার মূল্যের এ প্যাকেজে অকুলাস রিফট হেডসেটের সঙ্গে থাকছে সেন্সর, এক্সবক্স ওয়ান কনট্রোলার এবং অকুলাস ইকোসিস্টেম পরিচালনার জন্য রিমোট কনট্রোল। সোমবার বাজারে আসতে যাচ্ছে এমন ৩০টি ভার্চুয়াল রিয়ালিটি গেইম এই হেডসেট ব্যবহার করে খেলা যাবে। এ হেডসেটের সাহায্যে ব্যবহারকারীরা মিশে যেতে পারবেন মুভি ও গেইমসের ভুবনে, নিতে পারবেন অনন্য এক অভিজ্ঞতার স্বাদ।

অকুলার রিফট হেডসেট ব্যবহারের জন্য অত্যন্ত শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হবে। এজন্য প্রতিষ্ঠানটি এপ্রিল থেকে তাদের নিজস্ব অকুলাস কম্পিউটার বাজারজাত করতে যাচ্ছে। এর দাম পড়বে ১৪৯৯ ডলার।

২০১৪ সালের এপ্রিলে ফেইসবুক দুইশ’ কোটি ডলারের বিনিময়ে অকুলাসের স্বত্ত্ব কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রথম সাফল্য এটি। তবে, অকুলাস-এর এ সাফল্য উদযাপনের জন্য ফেইসবুকের বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে স্যান ফ্রানসিসকো ক্রনিকল।

অকুলাস ছাড়াও এ বছরই বাজারে আসতে যাচ্ছে এইচটিসি ভাইভ এবং প্লেস্টেশন ভিআর হেডসেট। তবে, স্মার্টফোনের সঙ্গে কাজ করে এমন প্রযুক্তিতে তৈরি স্যামসাং গিয়ার ভিআর এবং গুগল কার্ডবোর্ড হেডসেট এরই মধ্যে বাজারে এসেছে।