ফোর স্টার দাগী আসামী হরিণ
জনপ্রিয় গেইম জিটিএ ফাইভ-এর মডিফাইড একটি ভার্সনে কম্পিউটার চালিত অদম্য একটি হরিণ তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এই হরিণটি টেলিপোর্ট করতেও সক্ষম বলে বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে।
প্রোগ্রামার ব্রেন্ট ওয়াটানাবি জিটিএ ফাইভ গেইমটির একটি মডিফাইড ভার্সন তৈরি করেছেন, যাতে মূল চরিত্রটিকে একটি হরিণের রূপ দেওয়া হয়েছে। এই হরিণটি জিটিএ ফাইভ-এর ১০০ বর্গমাইলের ভার্চুয়াল পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং প্রায়ই গেইমটির অন্যান্য ভার্চুয়াল চরিত্রগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছে। সফলভাবে চালু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই হরিণটি একটি সামরিক ঘাঁটি আক্রমণ করে বসে এবং পুলিশ একে তাড়া করে। এ ছাড়াও হরিণটিকে গ্যাংল্যান্ড বন্দুকযুদ্ধের মাঝেও দেখা গেছে বলে জানা গেছে।
হরিণটিকে এমনভাবে বানানো হয়েছে যে কোনো প্রকার আঘাতই যাতে একে কাবু করতে না পারে। এর ফলে সামরিক ঘাঁটি, সমুদ্রসৈকত এবং শহরের রাস্তায় তাণ্ডব চালিয়ে ফোর স্টার ওয়ান্টেড রেটিং-এর দাগী আসামীতে পরিণত হয়েছে হরিণটি।
হরিণটি যাতে গেইম ম্যাপের একটি নির্দিষ্ট অংশে আটকে না পড়ে এজন্য এটি নিয়মিত ম্যাপের একটি নতুন অংশে টেলিপোর্ট করে। এর মাধ্যমে গেইমের বিভিন্ন অংশের পরিবেশ ও অধিবাসীদের সঙ্গে এটি পরিচিত হতে পারে।
মি. ওয়াটানাবি বিবিসিকে বলেন, “এ প্রকল্পের সবচেয়ে কঠিন অংশটি ছিলো জিটিএ ফাইভ মডিফাই করতে শেখা। অসাধারণ সক্রিয় একটি মডিং কমিউনিটির ফোরামে প্রচুর ঘাঁটাঘাঁটি এবং বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার এক পর্যায়ে আমি এ মডটি প্রোগ্রাম করতে সফল হই।”
অন্যান্য প্রতিকূলতার কথা বলতে গিয়ে তিনি জানান, “সবচেয়ে কঠিন কাজ ছিলো একে কোনো ক্র্যাশ ছাড়াই ১২-১৪ ঘন্টা একটানা চালানোর মতো সুস্থির করে তোলা।”
এরই মধ্যে হরিণটি অনলাইনে প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছে। এমনকি কেউ কেউ একে জিটিএ ফাইভ-এর ‘সবচেয়ে সেরা’ মড হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে টুইচ সাইটে ভিডিও স্ট্রিমিং-এর মাধ্যমে হরিণটির কর্মকাণ্ড দুই লাখেরও বেশি মানুষকে বিনোদন জুগিয়ে যাচ্ছে।
এ প্রসংগে ওয়াটানাবি জানান, তার সৃষ্টির এ অসাধারণ জনপ্রিয়তায় তিনি "আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত"।
