‘প্রত্যাঘাত পর্বে’ শামসু বাহিনীর সঙ্গে অনিলা
প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পরিসরে আসছে মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর মোবাইল ফোন গেইম ‘হিরোজ অব ৭১’ এর দ্বিতীয় পর্ব।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে গেইমটি গুগল প্লে স্টোরে ছাড়া হবে। সেখান থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহারকারীরা।
প্রথম পর্বে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের মাধ্যমে খেলা এগিয়ে যায়। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যাঘাত; দ্বিতীয় পর্বের নাম তাই ‘হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন’ ।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায়, আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় দেশীয় তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ‘পোর্টব্লিস’ এই গেইম নির্মাণ করেছে।
হিরোজ অব ৭১-এর পাঁচ প্রোগ্রামারের একজন আবিদ জাহাঙ্গীর রাজিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন’ এর কাহিনী শুরু হয়েছে আগের ‘হিরোজ অব ৭১’ এর কাহিনিসূত্রের সাথে মিল রেখে।
“শামসু বাহিনী বরিশালে শনির চরে একটি পাকিস্তানি ক্যাম্প দখল করে এবং শত্রুর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধের শেষে তারা জয়লাভ করলেও দলের সদস্য সজল শহীদ হয়। শামসু বাহিনী সহযোদ্ধার মৃত্যুতে প্রতিশোধের শপথ নেয়।”
সেখান থেকে দ্বিতীয় পর্বের নতুন মিশন শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শনির চর থেকে কিছু দূরে উল্লার হাটে একটি পাকিস্তানি টর্চার ক্যাম্পে কয়েকজন নারীকে অপহরণ করে বন্দি করে রাখার খবর পেয়ে সেদিকে এগিয়ে যেতে হবে শামসু বাহিনীকে। কোনো প্রাণহানি ছাড়া এই বীরাঙ্গনাদের উদ্ধার করে নিয়ে আসা এখন তাদের চ্যালেঞ্জ।
এই টর্চার ক্যাম্পে আক্রমণের সময় পরিচয় হবে অনিলার সঙ্গে। অনিলা মেয়েদের নিয়ে একটি গেরিলা গ্রুপ গঠনের সময় পাকিস্তানি সৈন্যদের হাতে ধরা পড়েন।
রাজিন জানান, অনিলাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় পর্বের খেলার দ্বিতীয় লেভেল শুরু হবে। আন্ধারমাণিক খালের ওপরে পাকিস্তানি কনভয় যাতায়াতের একটি ব্রিজ উড়িয়ে দেওয়া হবে এই মিশনের লক্ষ্য।
এই মিশনে বাধে বিপত্তি। নীরবে অগ্রসর হতে থাকা শামসু বাহিনীর অবস্থান জেনে যায় পাকিস্তানি সৈন্যরা। পথিমধ্যে পড়া একটি বাজারে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রথমে গেরিলা যুদ্ধ করতে হবে। এরপর সম্মুখযুদ্ধে বিজয় অর্জন করার পর ব্রিজ উড়িয়ে দিতে পারলে মিশন কমপ্লিট হবে।
এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের কাল্পনিক চরিত্র, ঘটনা, মিশন এবং ঘটনাস্থল নির্ভর গেইম ‘হিরোজ অব ৭১’ এর প্রথম পর্ব।
২৩ মার্চ পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে প্রথম গেইমটি মোট ৩ লাখ ৮৫ হাজার ৬৬২ বার ডাউনলোড হয়েছে। খেলা হয়েছে ৫০ লাখ সেশন এবং ইউজার রেটিং ৪.৭।
বুধবার রাজধানীর কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) এক সংবাদ সম্মেলনে গেইমটির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।
পোর্টব্লিসের গেইম বিভাগের প্রধান ও ‘হিরোজ অব ৭১’ প্রকল্প সমন্বয়ক মাশা মুস্তাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেইমটির মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ এবং দেশীয় সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।”
