যুক্তরাষ্ট্রে সামরিক হ্যাক, চীনা ব্যক্তির দোষ স্বীকার
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য চুরির একটি ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এক চীনা ব্যক্তি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে।
৫০ বছর বয়স্ক চীনা নাগরিক সু বিন-কে ২০১৪ সালে কানাডায় আটক করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, পণ্য পরিবাহী উড়োজাহাজ এবং অস্ত্র সংক্রান্ত তথ্যের উপর সাইবার আক্রমণে জড়িত একটি দলের সঙ্গে সু বিন-এর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়। তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং আড়াই লাখ ডলার জরিমানা করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন কার্লিন বলেন, "সু বিন বেআইনিভাবে সামরিক বাহিনীর প্লেনবিষয়ক তথ্যসহ অন্যান্য সামরিক তথ্য চুরির চীনভিত্তিক ষড়যন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব তথ্য আমাদের সামরিক ব্যক্তিবর্গের নিরাপত্তার জন্য অপরিহার্য।"
তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে চুরির ফলাফল ভালো হবে না, এই ব্যাপারে এই মামলা স্পষ্ট বার্তা প্রদান করে। এসব অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষমতা আমরা রাখি এবং আমরা তা করবো।"
সু বিন ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্কগুলোতে অনধিকার প্রবেশের জন্য চীনে অবস্থানকারী দুজন ব্যক্তির সঙ্গে কাজ করার কথা স্বীকার করেন।
ইংরেজিতে দক্ষতার কারণে তিনি মধ্যসত্ত্বভোগী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি ‘আর্থিক সুবিধা’ পাওয়ার উদ্দেশ্যে চুরি করা তথ্যা ইংরেজি থেকে চাইনিজে অনুবাদের কাজ করতেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সু কানাডার একটি অফিস থেকে একটি চীনা এভিয়েশন প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। পরবর্তীতে কানাডিয়ান নাগরিকত্ব অর্জনের চেষ্টা করতে গিয়েই তিনি ধরা পড়েন।
এই মামলার প্রেক্ষিতে সু-এর পক্ষের আইনজীবী বলেন, “এই ব্যাপারটির সমাধানের মাধ্যমে সু বিন তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী।”
