সাইবার আক্রান্ত মার্কিন চিকিৎসা খাত
যুক্তরাষ্ট্রের তিনটি হাসপাতালের আইটি সিস্টেম র্যানসময়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। এর ফলে হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ নথিগুলোকে এনক্রিপ্ট করে তা আনলক করে দেওয়ার জন্য অর্থ দাবি করা হয়েছে।
আক্রান্ত কেনটাকি মেথোডিস্ট হসপিটাল, চিনো ভ্যালি মেডিকেল সেন্টার, এবং ক্যালিফোর্নিয়ার ডেজার্ট ভ্যালি হসপিটালের সিস্টেম বর্তমানে স্বাভাবিক ভাবেই চলছে বলে জানিয়েছে সিএনএন। বর্তমানে এফবিআই এ বিষয়ে তদন্ত করছে।
এই আক্রমণের ফলে কেনটাকি মেথোডিস্ট হাসপাতাল-কে তাদের সব ডেস্কটপ কম্পিউটার বন্ধ করে ব্যাকআপ সিস্টেম চালু করতে হয়েছে। তাদের হোমপেইজ থেকে দেওয়া এক বার্তায় তখন বলা হয়, “ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আমাদের ইলেকট্রনিক ওয়েবভিত্তিক সেবা সীমিত হয়ে যাওয়ার ফলে, মেথোডিস্ট হসপিটাল বর্তমানে জরুরী অভ্যন্তরীণ অবস্থায় কাজ করছে, আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েভভিত্তিক সেবা এবং ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধতা থাকবে।” তবে, এই আক্রমণে রোগীদের কোনো তথ্য ও সেবা আক্রান্ত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিনো ভ্যালি মেডিকাল সেন্টার এবং ডেজার্ট ভ্যালি হাসপাতালের মালিক প্রতিষ্ঠান প্রাইম হেলথকেয়ার সার্ভিস-এর মুখপাত্র ফ্রেড অর্টেগা বলেন, “এটা আমাদের আইটি সিস্টেমে যথেষ্টই সমস্যা তৈরি করেছে। যাইহোক, অধিকাংশ সিস্টেম আর গুরুত্বপূর্ণ অবকাঠামো অনলাইনে ফিরিয়ে আনা হয়েছে।” এই ক্ষেত্রে নিজেদের নথি ফিরিয়ে আনতে ১৭০০ ডলার পরিশোধ করতে হয়েছে।
কেনটাকি মেথোডিস্ট হসপিটালের তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক জেমি রেইড মালওয়্যারটির নাম লকি (locky) বলে উল্লেখ করেন। এটি একটি নতুন 'বাগ' যা ফাইল এবং ডকুমেন্ট একক্রিপ্ট করে এগুলো এক্সটেনশন .লকি (.locky) নামে পরিবর্তন করে দেয়।
সাধারণত লকি সিস্টেমে অর্থহীন লেখাসমৃদ্ধ স্প্যাম মেইলের মাধ্যমে প্রবেশ করে, যা পাঠককে তথ্য 'এনকোডিং ভুলের সমাধানের' জন্য ম্যাক্রো ফাংশনগুলোকে (macros) কে সক্রিয় করতে বলে।
মালওয়্যারটি একবার ডাউনলোড হয়ে গেলে, এটা কম্পিউটারে একটি বার্তা পাঠায়। এই বার্তায় কীভাবে অর্থ পরিশোধের মাধ্যমে ফাইলগুলো আনলক করা যাবে তার নির্দেশনা দেওয়া হয়।
নভেম্বরে ইনটেলের ম্যাকাফি ল্যাব-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ তে র্যানসমওয়্যারের আক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান ক্রেবস বলেন, “এটা স্পষ্ট করে বলা যায়, র্যানসমওয়্যারের আক্রমণ যত হবে আর আক্রমণকারীরা যত পারদর্শী হবে, ধীরে ধীরে এই খাত তত বেশি তাদের লক্ষ্যে পরিণত হবে।”
