সাফারি ব্রাউজারে আসছে অ্যাপল পে
চলতি বছরের শেষদিকে সাফারি ব্রাউজারে অ্যাপল পে ব্যবস্থা চালু করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন এই ফিচারের মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা এখন সাফারি ব্রাউজারেই অ্যাপল পে সেবা ব্যবহার করতে পারবে।
রয়টার্স জানিয়েছে, সাফারি ব্রাউজারে এই ফিচার সেই ডিভাইসগুলোতেই ব্যবহার করা যাবে যেগুলোতে অ্যাপলের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম অ্যাপল পে চালু করা হয়। তবে, এতদিন যাবত এই সেবাটি শুধু তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে কেনাকাটাতেই সীমাবদ্ধ ছিল। নতুন এই ফিচারের মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা এখন সাফারি ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কেনাকাটার ক্ষেত্রে অ্যাপল পে ব্যবহার করতে পারবে।
নতুন এই ফিচারটি চালু হলে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকের নির্দিষ্ট স্টোরের অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন আর থাকছে না। অনেকটা পেপাল-এর মতোই এই ফিচারের মাধ্যমে সরাসরি ওয়েবসাইট থেকে অ্যাপল পে ব্যবহার করে কেনাকাটা করা যাবে বলেও জানানো হয়।
প্রযুক্তি বিষয়ক সাইট রি/কোড জানিয়েছে, এ বছরের 'হলিডে শপিং সিজন'-এর আগেই সেবাটি চালু করবে অ্যাপল। তবে, এ বিষয়ে অ্যাপলের এক মুখপাত্রের কাছে জিজ্ঞাসা করা হলে, তিনি এটি নিয়ে কোন কথা বলতে রাজী হননি।
সম্প্রতি অ্যাপল পে সেবাকে টেক্কা দিতে যুক্তরাজ্যে অ্যান্ড্রয়েড পে চালু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে অ্যান্ড্রয়েড পে সেবা চালু করার ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠান।
