২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনে ‘বৈষম্য করে না’ অ্যামাজন

নিজেদের প্রতিষ্ঠানে নারী কর্মীরাও পুরুষ কর্মীদের সমানই বেতন পান, লিঙ্গভিত্তিক সমতার ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করার জন্য চাপের মুখে এমনটা জানিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম ইনকর্পোরেটেড। সম্প্রতি  তাদের পরিচালিত একটি সমীক্ষার সূত্রধরে এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো, বিশেষত পুরুষশাসিত প্রতিষ্ঠানগুলো সমান বেতনের বিষয়ে সমালোচিত হওয়ার ফলাফল হিসেবে অ্যামাজন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সিয়াটলভিত্তিক এই অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি বিনিয়োগ প্রতিষ্ঠান বল্ডউইন ব্রাদার্স ইনকর্পোরেটেড-এর প্রচারণা প্রতিষ্ঠান আরজুনা ক্যাপিটাল এর চাপের মুখে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করলো।

বুধবার অ্যামাজন তাদের লৈঙ্গিক সমতা সমীক্ষার ফলাফল ঘোষণা করলে আরজুনা তাদের প্রাথমিক প্রস্তাবনাটি প্রত্যাহার করে নেয়। আরজুনা’র অংশীদারি কার্যক্রমের পরিচালক নাতাশা ল্যাম্ব বলেন, “আমরা আনন্দিত যে অ্যামাজন বিনিয়োগকারীদের লিঙ্গভিত্তিক সমতার ক্ষেত্রে উদ্বেগের প্রতি সাড়া দিয়েছে।” এ ছাড়াও তিনি অ্যামাজনকে লিঙ্গ-বৈষম্য দূর করার জন্য তাদের অন্যান্য নীতিমালা এবং লক্ষ্য প্রকাশের জন্য আহ্বান করেছেন।

অ্যামাজন জানিয়েছে, তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা করে দেখা গেছে, পুরুষের আয় করা প্রতি ডলারের বিপরীতে নারী আয় করেছে ৯৯.৯ সেন্ট, যা পুরোপুরি সমান নয়। অ্যামাজনের বিভিন্ন স্তরের কর্মীদের ওপর এই সমীক্ষাটি পরিচালনা করে বহিরাগত একটি শ্রম অর্থনীতিবিষয়ক প্রতিষ্ঠান। অ্যামাজন তদের একটি বিবৃতিতে বলে, “প্রতিবছর স্বাভাবিকভাবেই কিছু সূক্ষ্ণ উঠা-নামা থাকবে। তবে, অ্যামাজন ভাতা ন্যায্য এবং সমান রাখার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।”

এই সমীক্ষায় আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে একজন শ্বেতাঙ্গ কর্মীর এক ডলার আয়ের বিপরীতে একই কাজে সংখ্যালঘুদের একজন কর্মী ১০০.১ সেন্ট পেয়ে থাকেন।