চীনা প্রচারণা নেতার সাক্ষাতে জাকারবার্গ
শনিবার চীনা কমিউনিস্ট পার্টির প্রচারণা বিভাগের পরিচালক লিউ ইয়ুনশ্যান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ।
বেইজিং-এ মাস্ক না পরে দৌড়ানোয় চীনা সরকারের ‘চাটুকারিতার’ অভিযোগে সমালোচিত হওয়ার পরপরই এ কাজ করলেন তিনি।
সিএনএন জানিয়েছে, জাকারবার্গ ইন্টারনেট ক্ষেত্রে চীনের অগ্রগতির প্রশংসা করেন বলে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়াও তিনি চীনের প্রযুক্তিক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।
বৈঠকে তারা ‘ইন্টারনেট অগ্রগতির ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা করেন বলে জানান ফেইসবুক-এর একজন মুখপাত্র। এ ছাড়া তার কাছে এ সম্পর্কিত আর কোনো তথ্য নেই বলে জানান তিনি।
একই দিনে তিনি সরকারি গবেষণা খাতের সহযোগিতায় চাইনিজ ডেভেলপমেন্ট ফোরামে আলিবাবা-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রযুক্তিক্ষেত্রের এই দুই নেতৃস্থানীয় ব্যক্তি ভার্চুয়াল রিয়ালিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মান্দারিন ও চীনা ভাষা ব্যবহারে নতু্ন উদ্যোগ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেন।
সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি শুধু বলেন, “আমি চায়না ডেভেলপমেন্ট ফোরামের জন্য বেইজিং-এ অবস্থান করছি, এবং এখানে পাবলিক ও প্রাইভেট খাতের চীনা নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছি।”
জাকারবার্গ গত কয়েক বছর ধরেই চীনা নেতাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। ২০১৪ সালে ডিসেম্বরে চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক লু ওয়েই-এর ফেইসবুক প্রধান কার্যালয় পরিদর্শনকালে জাকারবার্গের টেবিলের ওপর চীনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর লেখা একটি বই রাখা ছিলো। একই বছরের শুরুতে জাকারবার্গ তার বেইজিং ভ্রমণে সম্পূর্ণ মান্দারিন ভাষায় তার প্রথম বক্তব্য রাখেন। এ ছাড়াও ২০১৫ সালে তিনি চীনা প্রেসিডেন্টকে সিয়াটলে এক বৈঠকের আমন্ত্রণ জানান, এবং প্রেসিডেন্ট তাতে সাড়া দেন।
