যুক্তরাজ্যে চালু হচ্ছে অ্যান্ড্রয়েড পে
যুক্তরাজ্যে অ্যাপল পে সেবাকে টেক্কা দিতে এবার দেশটিতে অ্যান্ড্রয়েড পে চালু করতে যাচ্ছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে অ্যান্ড্রয়েড পে সেবা চালু করার ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠান।
২০১৫ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইলে গুগলের অনলাইন লেনদেন সেবা অ্যান্ড্রয়েড পে চালু করে গুগল। আর এ বছরের মার্চেই যুক্তরাজ্যে এই সার্ভিসটি চালু করার কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে, এখন সার্ভিসটি পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রয়টার্স।
দেশটিতে অ্যান্ড্রয়েড পে সেবাটি শুধু মাস্টারকার্ড এবং ভিসা-এর ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর সেক্ষেত্রে মাস্টারকার্ড এবং ভিসা কার্ড নির্দিষ্ট কিছু ব্যাংক অনুমোদিত হতে হবে। অনুমোদিত ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক অফ স্কটল্যান্ড, এইচএসবিসি, লয়েডস ব্যাংক এবং এমঅ্যান্ডএস ব্যাংকের নাম রয়েছে বলে গুগলের এক ব্লগে জানানো হয়।
রয়টার্স জানিয়েছে, এই সেবাটির মাধ্যমে গ্রাহক যুক্তরাষ্ট্রে বাস, ট্রেন এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড যানের ভাড়া পরিশোধ করতে পারবে। এ ছাড়াও সুপারমার্কেট চেইন ওয়েইটরোজ আর রোজ, ব্রিটিশ স্যান্ডউইচ চেইন প্রেটএ মানজের আর ওষুধ বিক্রেতা চেইন বুটস-এর আউটলেটগুলোতেও এই সেবা পাওয়া যাবে।
২০১৫ সালের জুলাইতে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে টেক জায়ান্ট অ্যাপলের অনলাইন লেনদেন সেবা অ্যাপল পে।
