আইফোনের জন্য গুগল কিবোর্ড
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জন্য নতুন কিবোর্ড বানাচ্ছে গুগল। তৃতীয় পক্ষের এই কিবোর্ডটি আইওএস ইন্টারফেইসে বেশি ব্যবহৃত জায়গাগুলোতে গুগলের সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের সার্চ অপশন প্রদান করবে।
মার্কিন সংবাদ সাইট ভার্জ জানিয়েছে, কয়েক মাস যাবত আইওএস-এর জন্য এই কিবোর্ড তৈরির কাজ করছে গুগল। তবে ঠিক কবে কিবোর্ডটি ব্যবহারের জন্য উন্মোচন করা হবে সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
নতুন এই কিবোর্ডটি আইওএস ডিভাইসের স্টক কিবোর্ড থেকে অনেক ক্ষেত্রেই আলাদা হবে। গুগলের অ্যান্ড্রয়েড কিবোর্ডের মত স্লাইড টাইপ ফিচার থাকবে এই কিবোর্ডে। এই ফিচারের মাধ্যমে কিবোর্ডে সোয়াইপ করে গুগলের অনুমানকে কাজে লাগিয়ে টাইপ করা যাবে। আর কিবোর্ডের গুগল লোগোতে চাপলেই ব্যবহারকারী প্রথাগত গুগল ওয়েব সার্চ অপশন পাবে। এ ছাড়াও গুগলের ইমেজ সার্চভিত্তিক আলাদা আলাদা ইমেজ এবং জিআইএফ সার্চ বাটনও থাকবে এই কিবোর্ডে।
নতুন এই কিবোর্ডটি দেখতে অ্যান্ড্রয়েড কিবোর্ড থেকে আলাদা। অ্যান্ড্রয়েড কিবোর্ডে ভয়েস সার্চ অপশন থাকলেও টেক্সট বা ইমেজ সার্চ অপশন নেই। ইতোমধ্যেই কর্মীদের মাঝে কিবোর্ডটি পরীক্ষার জন্য দিয়েছে গুগল।
আইওএস ডিভাইসে গুগল সার্চ বাড়াতেই মূলত এমন উদ্যোগ নিয়েছে গুগল। মোবাইল ডিভাইসের চেয়ে ডেস্কটপ থেকেই বেশি পরিমাণ গুগল সার্চ হয়ে থাকে বলেও জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। প্রতিদিন গড়ে ডেস্কটপে গুগল সার্চের পরিমাণ বলা হয় ১.২৩।
এতদিন যাবত আইওএস ডিভাইসে তৃতীয় পক্ষের কিবোর্ড নিয়ে সন্তুষ্ট হতে পারেনি এর গ্রাহকেরা। তাই গুগলের মত প্রতিষ্ঠানের কাছ থেকে এখন ভালো কিছু পাওয়ারই প্রত্যাশা করছে আইওএস ব্যবহারকারীরা।
