ফের বিচ্ছেদে মাস্ক-রাইলি
বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক এবং ব্রিটিশ অভিনেত্রী টালুলাহ রাইলি-এর আবারও বিচ্ছেদ ঘটছে।
সিএনএন-এর সূত্রে জানা যায়, সোমবার রাইলি ‘উভয়পক্ষের সম্মতিক্রমে’ স্পেসএক্স এবং টেসলা মোটরস-এর প্রধান নির্বাহী মাস্ক-এর সঙ্গে বিচ্ছেদ চেয়ে লস এঞ্জেলসে একটি পিটিশন দাখিল করেন।
মাস্ক ২০১৪ সালের শেষদিকে ডিভোর্স পিটিশন দাখিল করলেও ২০১৫ সালের জুনে তা আবার প্রত্যাহার করে নেন। সোমবারের বিবৃতি অনুযায়ী, এই যুগল শেষ ছয় মাস ধরে আলাদা বসবাস করে আসছিলেন। বিচ্ছেদের পরও তারা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়।
রাইলি এবং মাস্ক-এর মধ্যে বিচ্ছেদের ঘটনা এই প্রথম নয়। ২০১০ সালে এই জুটি প্রথমবারের মত বিয়ে করেন। তবে, তাদের ওই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের দুই বছর পর ২০১২ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন তারা।
৪৪ বছর বয়সী মাস্ক পারিবারিক জীবনে পাঁচ সন্তানের পিতা। তবে, ৩০ বছর বয়সী রাইলির সঙ্গে তার কোনো সন্তান নেই। এই পাঁচ সন্তানের জননী মাস্কের সাবেক স্ত্রী জাস্টিন মাস্ক।
