স্মার্টফোন রেটিংয়ে শীর্ষে স্যামসাং
পণ্যের রিভিউ প্রকাশকারী মার্কিন ম্যাগাজিন কনজিউমার রিপোর্টস-এর স্মার্টফোন রেটিং-এ অন্যতম শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ।
রেটিংয়ে গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ স্মার্টফোনের অন্যতম শীর্ষস্থান অর্জনের পেছনে রয়েছে এর অতিদ্রুতগতির প্রসেসর, বর্ধনযোগ্য স্টোরেজ এবং পানিনিরোধী ফিচারসহ আরও অনেক সুবিধা। উদাহরণস্বরূপ, এতে রয়েছে ফোরকে বা আল্ট্রা-এইচডি ভিডিও ধারণ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। বড় আকারের এসব ভিডিও ফাইলগুলোকে জায়গা দিতে এতে মেমরি কার্ডের জন্য রয়েছে মাইক্রোএসডি স্লট।
এতে রয়েছে ২৪ ঘন্টারও বেশি টকটাইম সমৃদ্ধ ব্যাটারি লাইফ, যা আইফোন সিক্সএস-এর তুলনায় দ্বিগুণেরও বেশি। গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ-এর স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি ব্যবহারকারীদের দেয় ‘অসাধারণ মিউজিক অভিজ্ঞতা’।
এ ছাড়াও এ ফোনের হাই রেজুলিউশন ডিসপ্লের কারণে উজ্জ্বল আলোতেও স্ক্রিনের লেখা সহজে পড়া যায়।
সিএনএন-এর জ্যেষ্ঠ সম্পাদক মাইক গাইকাস মঙ্গলবার গ্যালাক্সি এস৭ এজ-এর রিভিউতে মন্তব্য করেন, “এই নতুন মডেলগুলো শুধু স্যামসাং-এরই সেরা স্মার্টফোন নয়, বরং সম্ভবত বাজারের সবচেয়ে সেরা স্মার্টফোন।”
ব্যবহারকারীদের এ মনোভাবই প্রমাণ করে স্মার্টফোনের নানা প্রয়োজনীয় ফিচারের মধ্যে ব্যাটারি লাইফ, ক্যামেরার মতো প্রাথমিক ফিচারগুলোই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, জানিয়েছে সিএনএন।
