গুগল পার্টনারশিপ পেল মিডিয়াকম
আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম।
বাংলাদেশী মালিকানাধীন সংস্থা হিসেবে মিডিয়াকম এই স্বীকৃতি পেল, যার চারটি সূচক রয়েছে- ডিসপ্লে, সার্চ, ভিডিও এবং অ্যানালাইটিক্স।
গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল পেশাজীবি কিংবা অনলাইন কনসালটেন্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচী। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ‘গুগল পার্টনারশিপ’ একটি 'গভীর' অর্থ বহন করে বলে এক বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করে।
এখন থেকে মিডিয়াকম তাদের সব কার্যক্রমে এই ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে।
